২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ

আদালতে স্বামীর স্বীকারোক্তি

২০ বছর ধরে স্ত্রীকে মাদক খাইয়ে ধর্ষণ

ফন্ট সাইজ:

দুই দশকেরও বেশি সময় ধরে স্ত্রীকে অজান্তে মাদক খাইয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এসব ঘটনায় দায়ের হওয়া ৬০টি অভিযোগেই আদালতে দোষ স্বীকার করেছেন তিনি। এই ঘটনা বৃটেনের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসব অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে।
আইনি কারণে ভুক্তভোগী নারীর পরিচয় গোপন রাখার অধিকার নিশ্চিত করতে অভিযুক্ত স্বামীর নাম প্রকাশ করা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর দোষ স্বীকারের সময় ওই নারী আদালতের দর্শক সারিতে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা তাকে সমর্থন দিতে সঙ্গে ছিলেন।
৬০-এর কোঠায় থাকা অভিযুক্ত ব্যক্তি গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্ট এলাকার বাসিন্দা। আদালতে একের পর এক অভিযোগের জবাবে ‘দোষী’ বলার সময় তাকে দৃশ্যত আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে একাধিক ধর্ষণ, অনুপ্রবেশমূলক যৌন হামলা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো পদার্থ প্রয়োগের ঘটনা।

অভিযুক্তের দোষ স্বীকারের পর গ্রেটার ম্যানচেস্টার পুলিশের সহকারী প্রধান কনস্টেবল রিক জ্যাকসন বলেন, এই জটিল তদন্তের কেন্দ্রবিন্দুতে থাকা ভুক্তভোগীকে সহায়তা করাই পুলিশের প্রধান লক্ষ্য।
প্রতিবেদনে বলা হয়েছে, মামলার বিচার শেষে অভিযুক্ত ব্যক্তির এসব অপরাধের জন্য সাজা ঘোষণা করা হবে।
এর আগে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী স্ত্রীর অন্তরঙ্গ ছবি ও ভিডিও তার সম্মতি ছাড়া যৌন তৃপ্তির উদ্দেশ্যে অন্যদের সঙ্গে শেয়ার করার অভিযোগও স্বীকার করেছিলেন।