মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের কাছে লাইনে থাকা বৈদ্যুতিক তারের উপর একটি কাপড় পড়ায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড(ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, কাপড় অপসারণের জন্য সময় লেগেছে ১ ঘণ্টা ৪০ মিনিট। এই সময়ের মধ্যে ল্যুপে ট্রেন চালানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৪টা ৩৪ থেকে বিকাল ৫টা ১৩ মিনিট পর্যন্ত ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে।
দীর্ঘ দেড় ঘণ্টার মেট্রোরেল চলাচলে বিঘ্ন ঘটায় ভোগান্তিতে পড়ে যান ট্রেনের শতশত যাত্রী। বিশেষ করে কাওরানবাজার থেকে মতিঝিল অংশের যাত্রীদের দীর্ঘ লাইন দেখা গেছে স্টেশনগুলোতে। উত্তরা উত্তর থেকে কাওরানবাজার অংশের যাত্রীরাও পড়ে যান বিপাকে।
সমস্যার কথা জানিয়ে ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) মো. নজরুল ইসলাম মানবজমিনকে বলেন, একটি নির্দিষ্ট সময়ে মেট্রোরেল চলেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওভারহেড ক্যাটিনারির উপর কেউ কাপড় ফেলেছে। সেসময় আমরা ল্যুপ করে, অর্থাৎ পার্সিয়াল অপারেশন করেছি। উত্তরা থেকে কাওরানবাজার স্টেশনের ল্যুপ করে চালানো হয়েছে। আর কাওরানবাজার থেকে মতিঝিল অংশের লাইনে একপাশে চালানো হয়েছে। অর্থাৎ, মতিঝিল থেকে কাওরানবাজার পর্যন্ত এসেছে। এসময়ে আমরা সাধারণ সিডিউল মেনে ট্রেন চালাতে পারিনি। কাপড় অপসারন করার পর ট্রেন চলছে।
