মক্কাসহ সৌদির ৩ শহরে জরুরি সতর্কতা

বড় বিপদের শঙ্কা

মক্কাসহ সৌদির ৩ শহরে জরুরি সতর্কতা

ফন্ট সাইজ:

সৌদি আরব মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলের জেদ্দা, মক্কা ও তাইফে ‘সম্ভাব্য বিপদ’ সম্পর্কে জরুরি সতর্কতা জারি করেছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা জারি করা হয়েছে।
তবে কী ধরনের সম্ভাব্য বিপদ তৈরি হয়েছে, সে বিষয়ে কর্তৃপক্ষ নির্দিষ্ট করে কিছু জানায়নি।

বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সম্ভব হলে কোনো ভবনের ভেতরে অথবা জানালা থেকে দূরে অভ্যন্তরীণ কোনো কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত সেখানেই থাকার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির সিভিল ডিফেন্স খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের নিকটবর্তী কোনো ভবনে প্রবেশ করতে অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নিতে বলা হয়েছে।
জরুরি সতর্কতা পাওয়া গাড়িচালকদের সেতু ও বহুতল ভবন থেকে দূরে গাড়ি থামানোর নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে জনসাধারণকে জমায়েত এবং ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলতে এবং সরকারি চ্যানেলের মাধ্যমে দেয়া নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক দিনগুলোতে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের অগ্রযাত্রা সৌদির তেল রপ্তানির ওপর আরও চাপ তৈরি করেছে। এর মধ্যে লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত পেরিম দ্বীপ দখলের ঘটনাও রয়েছে।