সিলেটে হাম উপসর্গ নিয়ে একদিনে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে ১৬৪ জনের মৃত্যু হলো। আজ সোমবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে সিলেটের দুইজন, সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন। তাদের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যায়। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া শিশুদের মধ্যে একজন সিলেটের জকিগঞ্জের, একজন সিলেটের কানাইঘাটের। এছাড়া সুনামগঞ্জের জগন্নাথপুরের একজন ও হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী এলাকার আরেক শিশু। প্রতিবেদনে আরও বলা হয়, এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ১০ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৫৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
