‘এমন দর্শকদের আজীবন নিষিদ্ধ করা উচিত’, কাদের ও কেনো বললেন রোনালদো

‘এমন দর্শকদের আজীবন নিষিদ্ধ করা উচিত’, কাদের ও কেনো বললেন রোনালদো

ফন্ট সাইজ:

সৌদি প্রো লীগে আল-তাওউন সমর্থকদের আপত্তিকর স্লোগানের শিকার হয়েছেন মিডফিল্ডার রুবেন নেভেস। স্বদেশী সতীর্থের পাশে এসে দাঁড়িয়েছেন আল-নাসরের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি দোষী দর্শকদের আজীবন স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

গত বছর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান লিভারপুলের সাবেক ফরোয়ার্ড এবং নেভেসের বন্ধু ও সতীর্থ দিওগো জোতা। সাম্প্রতিক এক ম্যাচে আল-তাওউনের দর্শকরা সেই প্রয়াত ফুটবলারের নাম ধরে উসকানিমূলক স্লোগান দিয়ে আল-হিলালের নেভেসকে মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা করে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাকিদের মতোই বিষয়টি ভালোভাবে নিতে পারেননি রোনালদো।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্ষোভ প্রকাশ করে সিআরসেভেন লেখেন, ‘লীগ কর্তৃপক্ষকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে এবং এ ধরনের আচরণকারী দর্শকদের শাস্তি দিতে হবে। এর সঙ্গে ফুটবলের আর কোনো সম্পর্ক নেই। এর একটা সীমা থাকা উচিত এবং যারা এ ধরনের আচরণ করে, তাদের কখনোই স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া উচিত নয়।’

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও রুবেন নেভেস সরাসরি এই অপ্রীতিকর ঘটনা নিয়ে দীর্ঘ কোনো কথা বলতে চাননি। তবে তার সংক্ষিপ্ত এক মন্তব্যে দর্শকদের প্রতি স্পষ্ট ক্ষোভ ও প্রতিবাদের সুর ঝরে পড়ে।

ঘটনা নিয়ে নেভেস সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি আশা করি আল-তাওউনের এই দর্শকরা যেন প্রার্থনায় না যায়।’ তার এই তীর্যক মন্তব্যটি মূলত গ্যালারির এমন অমানবিক আচরণ ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কাণ্ডের বিরুদ্ধে তীব্র কটাক্ষ হিসেবেই দেখা হচ্ছে।

ফুটবল মাঠে ভক্তদের এমন অশোভন আচরণ নিয়ে সৌদির ক্রীড়াঙ্গনে এখন তুমুল আলোচনা চলছে। সৌদির শীর্ষ এই লীগে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।