গ্লোবাল সাউথকে ঐক্যবদ্ধ করার আহ্বান শি জিনপিংয়ের

ব্রিকস নিয়ে চীনের পাঁচ প্রস্তাবনা

গ্লোবাল সাউথকে ঐক্যবদ্ধ করার আহ্বান শি জিনপিংয়ের

ফন্ট সাইজ:

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে গ্লোবাল সাউথের সম্মিলিত উত্থানকে মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দেয়া ভাষণে তিনি ব্রিকস অংশীদারিত্বের ভিত্তি আরও শক্তিশালী করার জোর তাগিদ দেন। তিনি বলেন, আন্তর্জাতিক নিয়মকানুন কোনো নির্দিষ্ট একক শক্তির খেয়ালখুশিতে চলতে পারে না। বরং সব দেশের সমান মতামতের ভিত্তিতে তা নির্ধারিত হতে হবে। ‘জোর যার মুলুক তার’ নীতি অনেক আগেই বাতিল হওয়া উচিত ছিল উল্লেখ করে তিনি দ্বিমুখী আচরণ পরিহার করে সার্বভৌম সমতা ও আন্তর্জাতিক আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

শি জিনপিং বলেন, আয়তন বা অর্থনৈতিক শক্তিতে ছোট কিংবা বড় নির্বিশেষে বিশ্বের প্রতিটি দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমান অংশীদার। বহুপাক্ষিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে জাতিসংঘের ভূমিকা জোরদার করা, বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে আন্তর্জাতিক আর্থিক কাঠামোর পরিবর্তন এখন সময়ের দাবি। টেকসই উন্নয়নের উদাহরণ টেনে তিনি জানান, চীন ইতোমধ্যে আফ্রিকার ৫৩টি দেশকে শতভাগ শুল্কমুক্ত সুবিধা দিয়েছে এবং বিশ্বের জন্য নিজেদের বাজার আরও উন্মুক্ত করছে।

ব্রিকসের ভবিষ্যৎ সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে পাঁচটি সুনির্দিষ্ট উদ্যোগের প্রস্তাব করেন চীনা প্রেসিডেন্ট। এর মধ্যে রয়েছে চীনের নেতৃত্বে ব্রিকসের সদস্যদের নিয়ে উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক এআই কমিউনিটি গঠন, বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, ডিজিটাল অর্থনীতির জন্য যৌথ ক্লাউড প্ল্যাটফর্ম স্থাপন, স্মার্ট কারখানা নির্মাণে যৌথ উৎপাদন সহযোগিতা এবং সদস্যদেশগুলোর প্রযুক্তিবিদদের জন্য ইঞ্জিনিয়ার কালটিভেশন অ্যালায়েন্স গঠন। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি সামলে অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে গ্লোবাল সাউথকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন তিনি।