এআইয়ের বিকাশ সীমিত করার পক্ষে একমত বিশ্বের শীর্ষ তিন প্রযুক্তিবিদ

এআইয়ের বিকাশ সীমিত করার পক্ষে একমত বিশ্বের শীর্ষ তিন প্রযুক্তিবিদ

ফন্ট সাইজ:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই উন্নয়নের দৌড় ক্রমশ লাগাম ছাড়াচ্ছে। এতে সারা বিশ্বের মানুষদের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। তবে এআইয়ের নেতৃত্ব দেয়া বিশ্বের শীর্ষ তিন প্রযুক্তিবিদ এবার অভাবনীয়ভাবে একমত হয়েছেন। তারা মনে করছেন, এআই প্রযুক্তির অতি দ্রুত বিকাশ আপাতত ‘ধীর’ বা সীমিত করা প্রয়োজন। অ্যানথ্রপিক-এর প্রধান নির্বাহী দারিও আমোদেই-এর একটি সতর্কতামূলক ব্লগ পোস্টের পর ওপেনএআই-এর প্রধান স্যাম অল্টম্যান এবং এক্সএআই-এর প্রধান ইলন মাস্কও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে এর পক্ষে সম্মতি জানান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এক্সে লিখেন, দারিও সঠিক কথা বলেছেন। অন্যদিকে স্যাম অল্টম্যান লিখেন, আমি দারিওর সঙ্গে একমত। একইসঙ্গে অল্টম্যান জানান, তার প্রতিষ্ঠানও আমোদেইয়ের পরামর্শ অনুযায়ী তৃতীয় পক্ষের নিরাপত্তা মূল্যায়নকারীদের স্বাগত জানাবে।

‘সুপারইন্টেলিজেন্ট’ বা অতি-বুদ্ধিমান কম্পিউটার সিস্টেমের ঝুঁকি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে নিজের ব্যক্তিগত ওয়েবসাইটে আমোদেই লিখেছেন, এআই মডেলগুলোর সক্ষমতা বৃদ্ধির গতি আমাদের অবশ্যই কিছুটা কমাতে হবে। অগ্রগতি এখনো দ্রুত মনে হবে, তবে এই সময়ে পাওয়া সুযোগকে আমাদের বুদ্ধিমানের মতো কাজে লাগাতে হবে। তিনি আরও জানান, প্রযুক্তি তৈরি না করা মানবজাতিকে এর সুফল থেকে বঞ্চিত করবে কিংবা এটি কর্তৃত্ববাদী শক্তির হাতে চলে যেতে পারে, আবার খুব দ্রুত এটি তৈরি করা চরম বেপরোয়া আচরণ। তাই তারা একটি মধ্যপন্থা চেয়েছিলেন, তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি উপলব্ধি করেছেন যে ঝুঁকিগুলো মোকাবিলা করতে আরও সতর্ক হওয়া প্রয়োজন। সম্প্রতি ওপেনএআই ছেড়ে অ্যানথ্রপিকে যোগ দেওয়া গবেষক জ্যাকব কক্সন উভয় কোম্পানির বিরুদ্ধেই অভিযোগ তুলে এআই শিল্প ত্যাগ করেন।

তিনি অভিযোগ করেছিলেন, স্ব-উন্নয়নশীল মডেল তৈরির এই প্রতিযোগিতায় কোম্পানিগুলো মানুষের জীবন নিয়ে ‘জুয়া খেলছে’। এর কিছুদিন পরই আমোদেইয়ের এই সতর্কবার্তা সামনে এল। আমোদেই সতর্ক করে বলেন, মানুষের নজরদারি ছাড়া কাজ করতে সক্ষম এআই এজেন্টদের এমন কর্মকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়। যেভাবে দ্রুত এদের সক্ষমতা বাড়ছে, তাতে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এ ধরনের ক্ষতিকর এআই ব্যবস্থা গোটা ইন্টারনেট ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে, যা শত শত কোটি ডলারের ক্ষতি করতে পারে। এই ঝুঁকি এড়াতে অ্যানথ্রপিক তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা মূল্যায়নে তৃতীয় পক্ষের স্বাধীন দলকে কর্মীর মতো সব ধরনের প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি সব প্রতিষ্ঠানকে একই ধরনের নিরাপত্তা নীতি মানার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান।