ভারত থেকে শত শত টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ- এমন এক রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। রিপোর্টে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট থেকে গত দুই মাসে ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে রপ্তানি হয়েছে।
ইলিশ আহরণ ও উৎপাদনে বাংলাদেশ বর্তমানে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। দেশটিতে বিশ্বের মোট ইলিশের প্রায় ৭০ থেকে ৮৬ শতাংশ উৎপাদিত হয়।
আনন্দবাজার বলছে, এবার বাংলাদেশে ইলিশ কম উঠছে। এই ঘাটতি মেটাতে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া পাইকারি মাছ বাজার থেকে গত দু’মাসে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছে।
হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, আমরা সাধারণত এপার বাংলা থেকে বোয়াল, রুই, পারসে, ট্যাংরা পাঠাই ওপার বাংলায়। তবে এবার ওখানে (বাংলাদেশে) ইলিশের ঘাটতি রয়েছে। তাই প্রথমবার এখান থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে।
তিনি জানান, বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটে ডিম ভর্তি ইলিশের চাহিদা অনেক বেশি। গুজরাটে ডিম-ভরা ইলিশ মেলে বেশি। তাই এ রাজ্য থেকেই ইলিশ আমদানি করেছে ঢাকা।
