আগামী ২০২৭ সালে ব্রিকস সম্মেলনের সভাপতিত্ব করবে চীন। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে দুই দিনব্যাপী ব্রিকস নেতাদের বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
ব্রিকসের সভাপতির দায়িত্ব নেয়ার পর মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় জোটটির ‘যথাযথ ভূমিকা’ নিশ্চিত করতে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন শি।
এদিন ব্রিকসের গুরুত্ব তুলে ধরে শি বলেন, উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ব্রিকস এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। একই সঙ্গে তিনি জাতিসংঘের কর্তৃত্ব সমুন্নত রাখার আহ্বান জানান।
এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন শি। বৈঠকে শি বলেছেন, চীন দিল্লি-বেইজিং সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে দেখে। দুই দেশ একে অপরের শক্তি ও সক্ষমতা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন উন্নয়ন অর্জন করতে পারে।
শি আরও বলেন, ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করতে চীন ও ভারতকে একসঙ্গে কাজ করা উচিত।
এবারের নয়াদিল্লির সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ব্রিকসের অন্য সদস্য দেশগুলোর নেতারা অংশ নিয়েছেন।
