বেইজিং ও নয়াদিল্লির মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে দুই দেশকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান তিনি।
সাত বছর পর প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন শি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বৈঠকে শি বলেছেন যে, চীন দিল্লি-বেইজিং সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি থেকে দেখে। দুই দেশ একে অপরের শক্তি ও সক্ষমতা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন উন্নয়ন অর্জন করতে পারে।
এদিন বৈঠকে শি আরও বলেন, ব্রিকসের সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করতে চীন ও ভারতকে একসঙ্গে কাজ করা উচিত।
এর আগে বৈঠকের শুরুতে শিকে স্বাগত জানান মোদি। তিনি বলেন, আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্রিকস শীর্ষ সম্মেলনে আপনার ইতিবাচক বক্তব্যের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ভারতের ব্রিকস সভাপতিত্বকালে চীনের কাছ থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা জানান মোদি।
