শুধু পদ পেতে হবে তা নয়, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগি সংগঠনের প্রত্যেকেই সরকারের অংশ বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী৷
শনিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন।
মহিলা দলের নেত্রীদের উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, আপনি এবং আপনারা প্রত্যেকেই তো আমরা সরকারের অংশ। শুধু পদ পেতে হবে তা নয়। আমার দল ক্ষমতায়, আপনার দল ক্ষমতায়- আজকে নির্বিঘ্নে কথা বলতে পারি, আজকে নির্বিঘ্নে চলাচল করতে পারি এবং নির্বিঘ্নে যেতে পারি।
তিনি আরও বলেন, আপনাদের কি মনে নেই, আফরোজা আব্বাস, সুলতান আহমেদ এবং আপনাদের এখানকার অনেক নারীরা, কতবার কারাগারে গেছেন- রিমান্ডে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কতবার নির্যাতিত হয়েছেন, কত নির্মমভাবে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো! কিভাবে সেখান থেকে আদালতে তোলা হতো! তারপরে মাসের পর মাস কারাগারে আটকে রাখা হতো, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার, এই সরকারে আপনাদের রক্ত আছে। সুতরাং এই সরকারের অংশ আপনারাও। তাই আমি আপনাদেরকে বলবো, সরকারের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে লক্ষ রাখবেন। সরকার জনগণ, মানুষ এবং সামাজিক সুরক্ষার জন্য কী অবদান রাখছেন— আপনারা সেটি জনগণকে বলবেন। বিশেষ করে নারীদের ক্ষেত্রে, এটা আপনাদেরকে বলতে হবে। কারণ আপনারা হচ্ছেন সরকারের অংশ। আজকে সরকার যাতে তার কর্মসূচিগুলো সফল করতে পারে, এটা আপনারা লক্ষ রাখতে হবে।
