জীবনসঙ্গী বেছে নিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় তারকা মিমি চক্রবর্তী। 'বোঝে না সে বোঝে না'র মতো হিট চলচ্চিত্র কিংবা শাকিব খানের সঙ্গে 'তুফান'-এ রাজত্ব করা এই নায়িকা খুব দ্রুতই নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর সত্যি হলে, ২০২৬-এর শেষভাগেই জীবনের দ্বিতীয় ইনিংসে পা রাখছেন তিনি।
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়তে প্রস্তুত মিমি। বর্ণিল এই বিয়ের আসর বসতে পারে রূপসী কালিম্পংয়ের পাহাড়ি প্রকৃতির মাঝে। যার সঙ্গে মিমির গাঁটছড়া বাঁধতে যাচ্ছে, তিনি গ্ল্যামার ওয়ার্ল্ডের বাইরে ভারতীয় নৌবাহিনীতে দায়িত্বরত; নাম সিদ্ধার্থ। ২০১২ সালে 'বাপি বাড়ি যা' দিয়ে রূপালী পর্দায় পথচলা শুরু করে রূপ ও অভিনয়ে একের পর এক দর্শকহৃদয় জয় করেছেন তিনি। অভিনয় দক্ষতার পাশাপাশি ২০১৯ সালে যাদবপুর আসন থেকে এমপি নির্বাচিত হয়ে রাজনীতির মাঠেও দক্ষতার পরিচয় দিয়েছেন মিমি।
বর্তমানে সৃজিত মুখার্জির 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র'সহ একাধিক শুটিংয়ে তুমুল ব্যস্ততার মাঝেও গোপনে সারছেন বিয়ের প্রস্তুতি।
