কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে এসে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পানিতে পড়ে রাকিবুজ্জামান রকি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। রকি ঝিনাইদহ জেলার শৈলকুপা পৌর ছাত্রদলের সভাপতি। গতকাল শুক্রবার রাত ৯ টা ১০ মিনিটের দিকে ১২৩ জন যাত্রী বহনকারী বাল্কহেডের ধাক্কা লাগে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে। ধাক্কায় প্রথমে ৩ জন পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে উদ্ধার করা হলেও আজ শনিবার সকাল ১০ টা ২৫ মিনিট পর্যন্ত রকি নিখোঁজ রয়েছেন।
নৌকা ভ্রমণে আসা যাত্রীদের দেয়া তথ্যে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপা কাতলা গাড়ি ঘাট থেকে ১২৩জনকে নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরো বেশ কয়েকজন লোক ছিলেন। মাজার বেড়ানো শেষে রাত ৯ টা ১০ মিনিটের সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছান। এ সময় প্রবল স্রোতের কারণে হার্ডিঞ্জ ব্রিজের চার নম্বর পিলারের সঙ্গে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। রকি, লিটন ও ওহাব নামের তিনজন পানিতে পড়ে যাযন। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ রয়েছেন। এসময় পদ্মা নদীর বাহিরকচর অংশের পুরাতন ফেরিঘাট এলাকায় বাদবাকি ভ্রমণকারীরা অবস্থান নেন।
ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে।
রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, সে যখন নৌকা থেকে পড়ে গেল, আমি তাকে ধরতে গিয়েছিলাম। কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি সামর্থ্যবান ছেলে। আনিসুজ্জামানের আশা, সাঁতারে দক্ষতা থাকা রকি ফিরে আসবে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, রকিকে উদ্ধারে নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করছে। বিষয়টি আমরা নজর রাখছি।
গতকাল ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত গণমাধ্যমকে বলেন, নিখোঁজ দু’জন লিটন ও ওহাবকে উদ্ধার করা হয়েছে। রাত হওয়ায় উদ্ধারকাজ কঠিন হচ্ছে। রকিকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ইউনিট।
হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে নৌকার ধাক্কা, ছাত্রদল নেতা নিখোঁজ
শাহ্ জামাল, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
অনলাইন
২ ঘন্টা আগে
১২ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬, ১০ঃ৩৯ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
