ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পুতিন

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পুতিন

ফন্ট সাইজ:

১১ সদস্যের ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরের তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এ খবর জানিয়েছে এনডিটিভি।

শুক্রবার পুতিন দিল্লির পালাম বিমানঘাঁটিতে পৌঁছালে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

শুক্রবারের দ্বিপক্ষীয় বৈঠকে ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নয়ন, এস-৪০০ সিস্টেম সরবরাহ, এসইউ-৫৭ যুদ্ধবিমান এবং নতুন বেসামরিক পারমাণবিক চুল্লি স্থাপনের মতো কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। পুতিন ব্রিকস বিজনেস ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন।

এছাড়াও দীর্ঘ সাত বছর পর ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার সন্ধ্যায় মোদি ও শি জিনপিং বাণিজ্য, বিনিয়োগ এবং লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এছাড়া, শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও বৈঠক করবেন মোদি। এটি ইরানের প্রেসিডেন্ট হিসেবে পেজেশকিয়ানের প্রথম ভারত সফর।

এবারের ব্রিকস সম্মেলনে মূলত মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধ, সেইসঙ্গে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জের বিষয়টি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমা শক্তি নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রভাব বাড়াতে ২০০৯ সালে ব্রিকস ফোরামটি গঠিত হয়। শুরুতে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা ১১। ২০২৪ সালে মিসর, ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এই জোটে যুক্ত হয় এবং গত বছর ইন্দোনেশিয়া এতে যোগ দেয়। বর্তমান সভাপতি হিসেবে ভারত এবারের ব্রিকস সম্মেলনের আয়োজন করছে।