অনুমিত ফল দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করলো দক্ষিণ আফ্রিকা। সোমবার আহমেদাবাদে কানাডার বিপক্ষে প্রোটিয়াদের জয় ৫৭ রানে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার দুইশ’ ছোঁয়ার রেকর্ডটি এদিন আরও বাড়িয়ে রাখে এইডেন মার্করামরা।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২১৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এর আগে সীমিত সংস্করণের বিশ্ব আসরে সর্বাধিক পাঁচবার দুইশ’ স্পর্শ করে তারা। এদিন সংখ্যাটিকে বাড়িয়ে ছয়ে নিয়ে যায় দলটি। রান তাড়ায় ৮ উইকেটে ১৫৬ রানে কানাডাকে আটকে দেয় প্রোটিয়ারা। ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও কানাডা। এরপর আন্তর্জাতিক ক্রিকেটেই দল দুটির দেখা হলো প্রথমবার। ৪ ওভারে ৩১ রানের খরচে ৪ উইকেট নিয়ে তাদের সফলতম বোলার লুঙ্গি এনগিডি। ম্যাচসেরার পুরস্কারটিও ওঠে এ ডানহাতি পেসার।
লক্ষ্য তাড়ায় প্রথম তিন ওভারে তিন উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় কানাডা। ইনিংসের প্রথম বলেই উইকেট নেয়া এনগিডি পরের ওভারে এসে আউট করেন আরও দু’জনকে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো কানাডাকে কিছুটা কক্ষপথে আনেন নবনীত ঢালীওয়াল ও হার্শ ঠেকার। পঞ্চম উইকেটের জুটিতে দু’জন মিলে যোগ করেন ৫৩ বলে ৬৯ রান। এদিন কানাডার আর কোনো জুটি ২৫ রানও ছুঁতে পারেনি।
দলীয় শতরান ছাড়িয়ে ২৯ বলে ব্যক্তিগত ৩৩ রানে ফিরে যান হার্শ। আরেক প্রান্ত আগলে রেখে শেষ ওভারে দলীয় দেড়শ’ রানে আউট হন নবনীতও। ৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান আসে তার ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার এনগিডির ৪ উইকেটের পাশাপাশি জোড়া উইকেট নেন মার্কো ইয়ানসেন।
বড় জয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ আফ্রিকার
স্পোর্টস ডেস্ক
খেলা
৩ মাস আগে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ৪ঃ২৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
