অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের বৃটিশ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতসহ আট মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। একইসঙ্গে ইসরাইলি বসতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং বৃটেনের পদক্ষেপ অনুসরণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
বুধবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানায় কাতার, তুরস্ক, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা। দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার বৃটেন সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।
এর এক দিন আগে গত মঙ্গলবার বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড পশ্চিম তীরে ইসরাইলি বসতিগুলোর বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ এবং এসব বসতির সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করার ঘোষণা দেন।
এরপর বৃটেন, ফ্রান্স ও কানাডা এক যৌথ বিবৃতিতে জানায়, ইসরাইলি বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করার পাশাপাশি বসতি এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক ব্যবস্থা নেয়া হবে।
পরবর্তী সময়ে কানাডা, ফ্রান্স, বৃটেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন ও সুইডেনও ইসরাইলি বসতি থেকে পণ্য বাণিজ্যের ওপর নিজ নিজ দেশে বিধিনিষেধ আরোপ করবে বলে জানায়।
এসব পদক্ষেপের কথা উল্লেখ করে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, বৃটেনের সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে একই ধরনের ব্যবস্থা নিতে উৎসাহিত করবে বলে তারা আশা করেন।
একইসঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বসতি স্থাপনের সঙ্গে জড়িত ইসরাইলি ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তারা।
বিবৃতিতে ইসরাইলের প্রতি বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ভৌগোলিক ও জনমিতিক চরিত্র পরিবর্তনের লক্ষ্যে নেয়া সব ব্যবস্থা প্রত্যাহারের আহ্বানও পুনর্ব্যক্ত করা হয়।
