ইরানের সঙ্গে চলমান সংঘাত বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পুরো মেয়াদজুড়ে চলতে পারে বলে তাকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছেন হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। তাদের মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৯ সেপ্টেম্বর) মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।
প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিস ও সিচুয়েশন রুমে অনুষ্ঠিত অভ্যন্তরীণ কৌশলগত বৈঠকে ট্রাম্পকে এসব সতর্কবার্তা দেয়া হয়েছে। গোপনীয় এসব বৈঠকে শীর্ষ কর্মকর্তারা প্রেসিডেন্টকে জানান, মার্কিন চাপের বিরুদ্ধে তেহরান প্রতিরোধ অব্যাহত রাখতে পারে। সে ক্ষেত্রে সংঘাত ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার সময় পর্যন্তও গড়াতে পারে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের এই মূল্যায়ন মার্কিন প্রশাসনের অভ্যন্তরে ইরানের প্রতিরোধ ভেঙে ফেলা সহজ হবে না- এমন উদ্বেগেরই প্রতিফলন।
এর ফলে সামরিক সংঘাত ট্রাম্পের পুরো মেয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি ইস্যুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।
তবে মার্কিন প্রশাসনের অভ্যন্তরীণ এই সতর্কবার্তার সঙ্গে যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের বড় ধরনের পার্থক্য রয়েছে। বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প সংঘাতের জন্য অনেক কম সময়ের পূর্বাভাস দেন।
তিনি বলেন, শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগত বৈঠকে যে সময়সীমার কথা বলছেন, তার অনেক আগেই যুদ্ধ শেষ হয়ে যাবে বলে তিনি আশা করছেন।
ট্রাম্প বুধবার বলেন, নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরেই যুদ্ধ শেষ হয়ে যাবে। তার দাবি, চলমান প্রতিরোধের মাধ্যমে ইরান মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
তবে তার ভাষ্য, ইরান আর বেশিদিন এভাবে প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম হবে না।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন এবং ভ্যান্স, রুবিওসহ অন্যান্য উপদেষ্টার অভ্যন্তরীণ বৈঠকে দেয়া সতর্কবার্তার বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
