মালয়েশিয়াগামী কর্মীদের পাসপোর্ট নিয়ে অনিয়ম, এজেন্সী সিলগালা

ফন্ট সাইজ:

অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামের একটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিদেশগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেয়া তিন বক্স পাসপোর্টও জব্দ করে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) জিম্মায় নেয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে বৃহস্পতিবার বিএমইটির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ওই রিক্রুটিং এজেন্সিতে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ায় অফিসটি সিলগালা করা হয় এবং নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অবস্থাতেই কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেয়া হবে না। যারা নিয়ম অমান্য করবে এবং প্রবাসীদের জিম্মি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় জানায়, জব্দকৃত পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।