দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘লজ্জা’। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা এম এইচ খোকন। আর এতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজ শেষ করেছেন তিনি। এবার এ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ফারিয়া। ৮ই সেপ্টেম্বর চ্যানেল আই কার্যালয়ে সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজসহ অনেকে উপস্থিত ছিলেন।
‘লজ্জা’র গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া। আরেকটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন। নির্মাতা সূত্রে জানা যায়, আগামী ২০শে সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সিনেমাটি আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকরা সিনেমাটি ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনেও দেখতে পারবেন।
প্রযোজক আব্দুল আজিজ জানান, এটি একটি সামাজিক সচেতনতামূলক গল্প। নুসরাত ফারিয়া বলেন, ‘লজ্জা’র গল্প অসাধারণ। এতে আমার চরিত্রটাও চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, খুব ভালো কিছু হতে চলেছে। এ মাসেই এর শুটিং শুরু হওয়ার কথা। এখন তারই প্রস্তুতি নিচ্ছি।
