নতুন বিজ্ঞাপনে বিন্দু

নতুন বিজ্ঞাপনে বিন্দু

ফন্ট সাইজ:

অভিনয় আঙিনা থেকে দূরে থাকা জনপ্রিয় মুখ আফসান আরা বিন্দু ফিরলেন ক্যামেরার সামনে। তবে কোনো নাটক বা চলচ্চিত্রে নয়, প্রবাসী দর্শকদের জন্য তৈরি একটি আন্তর্জাতিক মানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। সোনালী ব্যাংক পিএলসি’র যুক্তরাষ্ট্রের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘সোনালী এক্সচেঞ্জ’র এই নতুন বিজ্ঞাপনটি চিত্রায়িত হয়েছে আমেরিকার মনোরম লোকেশনে।

নাট্যকার ও পরিচালক রাজীব মণি দাসের ভাবনায় নির্মিত এ বিজ্ঞাপনে বিন্দুর সঙ্গী হয়েছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও মোহাম্মদ মহসিন কবীর এবং আবু মুসা মাসুম। দীর্ঘ ৩২ বছর ধরে প্রবাসীদের কাছে অত্যন্ত আস্থা ও সফলতার সঙ্গে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়া সোনালী এক্সচেঞ্জের নানা সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ ও আকর্ষণীয় রূপায়ণে তুলে ধরা হয়েছে। নির্মাতা রাজীব মণি দাস জানান, ভিনদেশে পর্যাপ্ত কারিগরি দল ও প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে কাজ করা বেশ জটিল হলেও সবার যৌথ প্রচেষ্টা ও দৃঢ় ইচ্ছাশক্তির জোরে একটি মানসম্মত কাজ উপহার দেয়া সম্ভব হয়েছে।
খুব শিগগিরই বিজ্ঞাপনটি আমেরিকার ৯টি অঙ্গরাজ্য এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে একযোগে সম্প্রচার শুরু হবে।