‘আসছে আবার শবর’ দিয়ে অভিনয় সফর শুরু করলেও অপর্ণা সেনের ‘ঘরে বাইরে আজ’ এবং ‘দময়ন্তী’ সিরিজ দিয়ে টলিপাড়ায় নিজের শক্ত জায়গা তৈরি করেছিলেন অভিনেত্রী তুহিনা দাস। তবে গত কয়েক বছরে বাংলা ভাষার কোনো কাজ বা ছবিতে তাকে আর দেখা যাচ্ছে না। বর্তমানে মুম্বইকেই কাজের ঠিকানা হিসেবে বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী স্পষ্ট করেছেন, কলকাতা ছেড়ে মুম্বই যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তার কোনো আফসোস নেই। বাংলা ছবিতে কাজ না করা প্রসঙ্গে তুহিনা জানান, বেশ কিছু প্রস্তাব এলেও গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় তা গ্রহণ করা হয়নি।
তার মতে, গত কয়েক বছরে বাংলা ছবিতে এমন কোনো ভিন্নধর্মী চরিত্র তৈরি হয়নি যা না করতে পারার আক্ষেপ থাকবে। তবে তিনি শিকড় ভুলে যাননি। মনের মতো শক্তিশালী কাজ ও চরিত্র পেলে অবশ্যই আবার টলিউডে কাজ করবেন। মুম্বইয়ের প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের প্রশংসা করে তিনি বলেন, সেখানে তারকা পরিবারের সুবিধা থাকলেও বাকি সবটাই অডিশনের মাধ্যমে নির্ধারিত হয়। রিজেকশনের মুখোমুখি হয়ে তিনি নিজের বাস্তব অবস্থান বুঝতে পেরেছেন এবং যোগ্যদের সঙ্গে লড়াই উপভোগ করছেন। সম্প্রতি তার হিন্দি সিরিজ ‘ক্লিন আপ কোম্পানি’ মুক্তি পেয়েছে; যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় ও যীশু সেনগুপ্তের সঙ্গে তার অভিনয় প্রশংসিত হচ্ছে।
