ইলন মাস্কের ব্যাপারে মুখ খুলেছেন তার সাবেক প্রেমিকা ও এক সন্তানের মা সেন্ট ক্লেয়ার। প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা অ্যালেক্স গিবনির নতুন তথ্যচিত্র ‘মাস্ক’-এ ক্লেয়ার জানান, মাস্ক তাকে এক ক্ষুদে বার্তায় বলেছিলেন যে সম্ভাব্য ‘গৃহযুদ্ধের আগেই তার একদল সন্তান প্রয়োজন’। তবে মাস্ক নির্দিষ্ট করে কোন গৃহযুদ্ধ বুঝিয়েছেন তা বলেননি। ভেনিস চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনীতে কথা বলতে গিয়ে তিনি মাস্কের এই বিপজ্জনক মানসিকতা ও প্রভাব নিয়ে কথা বলেন। এ খবর দিয়েছে গার্ডিয়ান। সেন্ট ক্লেয়ারের সঙ্গে ২০২৪ সালে মাস্কের একটি ছেলে সন্তান হয়, তবে পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। সেন্ট ক্লেয়ার জানান, একটি গোপনীয়তা চুক্তিতে (এনডিএ) স্বাক্ষরের বিনিময়ে মাস্কের দল তাকে এককালীন ৪ কোটি ডলার এবং প্রতি মাসে ১ লাখ ডলার দেয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে সেই প্রস্তাব ফিরিয়ে নেয়া হয়।
ভেনিস উৎসবে সেন্ট ক্লেয়ার বলেন, এক্স প্ল্যাটফর্ম ব্যবহার করে মাস্ক এমন বিভিন্ন উত্তেজনা উসকে দিচ্ছেন যার বাস্তব কোনো অস্তিত্ব নেই। এটি এখনই নিয়ন্ত্রণ করা না হলে ভবিষ্যতে বিপর্যয়কর বিভাজন ডেকে আনতে পারে। ২০২২ সালে টুইটার (বর্তমান এক্স) কেনার পর থেকেই মাস্ক নিজের রাজনৈতিক মতামত ও এজেন্ডা প্রচারে প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে আসছেন। চার ঘণ্টার এই তথ্যচিত্রটি তৈরি করতে তিন বছর সময় ব্যয় করেছেন নির্মাতা অ্যালেক্স গিবনি। তিনি জানান, মানবসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার বিষয়ে মাস্কের তীব্র ভীতি ও উদ্বেগের মূল সম্ভবত দক্ষিণ আফ্রিকায় কাটানো তার শৈশবের কঠিন ও ট্রমাটিক অভিজ্ঞতার মধ্যে নিহিত। গিবনি আরও মন্তব্য করেন, মাস্কের গল্প কোনো নতুন প্রযুক্তির বিপ্লব নয়, বরং শেয়ারের দাম ফুলিয়ে-ফাঁপিয়ে সম্পদ ও ক্ষমতা বাড়ানোর পুরনো কৌশলেরই এক নতুন রূপ।
