ব্যানার টাঙাতে গিয়ে চবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ব্যানার টাঙাতে গিয়ে চবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

ফন্ট সাইজ:

ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরিফুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে শহীদ আব্দুর রব হলের প্রধান ফটকে নিজ বিভাগের একটি ব্যানার টাঙাতে যান আরিফুল। এ সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি সেখানেই ঝুলে থাকেন। তাৎক্ষণিকভাবে পুরো হলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাকে উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও প্রশাসন দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র থেকে প্রথমে চমেক এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

চবি মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসক ডা. আবু তৈয়ব বলেন, ‘আরিফ আসলে স্পটেই মারা গেছে হয়ত। অ্যাম্বুলেন্স থেকে ফোন পাওয়ার পর আমি বিষয়টি দেখেছি। ঘটনার সময় ১০টা বেজে কয়েক মিনিট হবে, যখন আমাকে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করা হয়। অ্যাম্বুলেন্স তৈরিই ছিল, তাই আসার সাথে সাথেই ব্যবস্থা নিয়ে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে গাড়ির লোকেরা যেভাবে বলছে, তাতে মনে হচ্ছে দুর্ঘটনাটি ঘটার পর স্পটেই তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে চবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম জানান, রাত ১০টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।