উন্মোচন হলো জামাল-মারিয়াদের নতুন জার্সি, দাম ১৬০০ টাকা

উন্মোচন হলো জামাল-মারিয়াদের নতুন জার্সি, দাম ১৬০০ টাকা

ফন্ট সাইজ:

ফুটবলপ্রেমীদের জন্য উন্মোচন করা হলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন হোম ও অ্যাওয়ে জার্সি। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন জার্সি উন্মোচন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় বাফুফের সভাপতি তাবিথ আউয়াল ও দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কিট পার্টনার ‘দৌড়’ নতুন এই জার্সি তৈরি করেছে। জার্সির নির্ধারিত মূল্য ১ হাজার ৬০০ টাকা। তবে ভবিষ্যতে সমর্থকদের জন্য কম দামের ‘ফ্যান এডিশন’ বাজারে আনার পরিকল্পনাও রয়েছে। সেটির দাম ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে হতে পারে বলে জানিয়েছেন দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী। বাফুফের অনুমোদন পাওয়ার পর ফ্যান এডিশন বাজারে ছাড়া হবে।

নতুন জার্সি উন্মোচন করে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমি যখন জাতীয় দলে খেলতাম, তখন বাজার থেকে জার্সি কিনে আমাদের দেওয়া হতো। এখনকার মতো জার্সি নিয়ে এত ব্র্যান্ডিং ও আনুষ্ঠানিকতা তখন ছিল না।’ পেশাদারভাবে জার্সি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়ায় বাফুফে সভাপতিকে ধন্যবাদ জানান তিনি। ‘দৌড়’-এর আনুষ্ঠানিক কোনো শোরুম নেই। তবে এবার ইনফিনিটিতে বাংলাদেশের নতুন জার্সি পাওয়া যাবে।

অনলাইনের পাশাপাশি সমর্থকদের জন্য অফলাইনেও জার্সি কেনার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তিনি দৌড়ের নিজস্ব শোরুম স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। বাফুফের সঙ্গে দৌড়ের চুক্তি দুই বছরের। এরই মধ্যে চুক্তির দেড় বছর পার হয়েছে। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ভবিষ্যতে প্রতি দুই বছর পরপর জাতীয় দলের জার্সিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।