অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ

জুনিয়র এশিয়া কাপ হকি

অবশেষে জয়ের মুখ দেখলো বাংলাদেশ

ফন্ট সাইজ:

টানা দুই ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর অবশেষে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল। জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৪-২ গোলে হারিয়ে জয় তুলে নিলো লাল-সবুজের প্রতিনিধিরা। চীনের কাছে ৩-২ এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হারের হতাশা ভুলে এই জয়ে দুর্দান্তভাবে কক্ষপথে ফিরলো তারা।

চীনের তিনজিয়ানে শুরু থেকেই আক্রমণাত্মক কৌশল বেছে নেন বাংলাদেশের যুবারা। ম্যাচের তৃতীয় মিনিটে শিমুল ইসলামের হিটে প্রথম গোল করে এগিয়ে যায় দল। যদিও দ্রুতই সমতা ফেরায় কাজাখস্তান। তবে দ্বিতীয় কোয়ার্টারের ২৫ মিনিটে মাহাদী হাসান এবং তৃতীয় কোয়ার্টারের শুরুতে তৈয়ব আলীর লক্ষ্যভেদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। কাজাখরা একটি গোল শোধ করে খেলায় ফেরার চেষ্টা করলেও, চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্র্যাগ ফ্লিকে ব্যবধান ৪-২ করে জয় নিশ্চিত করেন মুন্না ইসলাম।

এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পেলো বাংলাদেশ দল। পুল পর্বের চতুর্থ ও শেষ ম্যাচে বুধবার শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে তারা।