কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে আহত ২০

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বহনকারী বাস খাদে পড়ে আহত ২০

ফন্ট সাইজ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) নুর উদ্দিন বাহার।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুঘর্টনায় আহতরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী। বাসে ৪০ জন শিক্ষার্থী বার্ষিক ভ্রমণে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর শিক্ষার্থীরা তাদের ভ্রমণ বাতিল করে ফিরে যান।

দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন, ইমন মৃধা, হুমায়রা, যাওয়াৎ, শফিকুল ইসলাম, ফেরদৌস, আরিফুল ইসলাম, তাসপিয়া, কৌশী, মিরাজ, মুরসালিন, আরিফ, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, সামিউল, রাজর্ষি, তাসনীম, মিলা, তানজিনা ও নিসা।

দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। বাসটিতে মোট ৪০ জন ছিলেন, তাদের মধ্যে ২০ জন আহত হন এবং ৯ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।