আফগানদের বিপক্ষে ছন্দপতন চান না বাশার

আফগানদের বিপক্ষে ছন্দপতন চান না বাশার

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে দল একটি টেস্ট ও একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে। একদিনের ম্যাচগুলোকে রূপান্তর করে জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখনো আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করেনি। তবে পরিকল্পনা অনুসারে ৯ই অক্টোবর থেকে ১৩ই অক্টোবর টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৭ই অক্টোবর ত্রিদেশীয় টুর্নামেন্ট মাঠে গড়াবে এবং ২৩শে অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে আসর শেষ হবে। এই সফরকে সামনে রেখে ১১ই সেপ্টেম্বর থেকে মিরপুরে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল।

বিসিবি’র ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। টেস্ট সিরিজটি চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় সিনিয়র ক্রিকেটারদের দুই-একজনকে বিশ্রামে রাখার গুঞ্জন রয়েছে। কারণ ২৮শে অক্টোবর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং ১১ই নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। তবে প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন বিশ্রামের বিষয়ে এখনো আলোচনা হয়নি এবং তিনি কোনোভাবেই আফগানদের বিপক্ষে ছন্দপতন চান না। দৈনিক মানবজমিনকে বশার বলেন, ‘টিমটা দেবো আমরা ১৫-১৬ তারিখে। দুবাইয়ের জার্নি এতো বড় না। সকালে গেলে দুপুরে... (পৌছে যাওয়া যায়)। ক্রিকেটারদের বিশ্রাম এবং ভবিষ্যৎ সফর নিয়ে এখনো আলোচনা হয়নি। তবে আমরা চাই না আফগানদের বিপক্ষে খারাপ করে টেস্ট জয়ের যে ছন্দে আছে দল তার থেকে বিচ্যুতি ঘটুক। অবশ্যই জয়ের জন্য দল দেবো। কোচ ও ক্রিকেটাররা ছুটিতে আছে তারা ফিরলেই আলোচনা করে দল দেবো।’

ঘরোয়া ক্রিকেটে নয়া টুর্নামেন্ট রোমাঞ্চ
দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামোতে তিন ফরম্যাটে নতুন টুর্নামেন্ট চালুর উদ্যোগ নিয়েছে বিসিবি। প্রথম শ্রেণির ক্রিকেট থেকে খেলোয়াড় তৈরি ও ম্যাচ অনুশীলনের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে এই পরিকল্পনা সাজানো হয়েছে। নতুন আসর নিয়ে রোমাঞ্চিত বাশার। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টটা আমি খুব আশাবাদী। কেন জানেন? অন্যান্য টুর্নামেন্ট তো খুব ইম্পর্টেন্ট, বাট যখন আমাদের ফার্স্ট ক্লাস এনসিএল, বিসিএল্তএইখান থেকেই কিন্তু আসলে প্লেয়াররা উঠে আসে মূলত। প্লেয়ার তৈরিও হয় এনসিএল, বিসিএল থেকেই। তো যখন এটা আমি যতদূর জানি যে এটা একটু আরেকটু প্রফেশনাল রূপ দেওয়া হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি বেজড করা হতে পারে। সেই ক্ষেত্রে এখানে বিনিয়োগও বাড়বে, খেলোয়াড়দের ওন করার ব্যাপারটা আরও বেশি বাড়বে এবং খেলাটা আরও বেশি কম্পিটিটিভ হবে। আমার মনে হয় এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় দৃষ্টান্ত কিংবা বড় পজিটিভ টার্নিং পয়েন্ট হবে।’

জাতীয় দলের ক্রিকেটারদের অগ্রাধিকার নীতি
ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলছে। আন্তর্জাতিক সূচি ও ঘরোয়া আসরের সময়সূচি সমন্বয় প্রসঙ্গে নির্বাচক বাশার বলেন, ‘ন্যাশনাল টিমের প্লেয়ারদের প্রায়োরিটি তো সবসময়ই থাকে। বাট অ্যাট দ্য সেইম টাইম, ন্যাশনাল টিম প্লেয়ার ন্যাশনাল ডিউটির বাইরে যেয়ে তো কিছু করার থাকে না। আমাদের কিন্তু সবসময় রুলস আছে যে যখন ন্যাশনাল ডিউটি থাকবে না, তখন ফার্স্ট ক্লাস খেলতে হবে। বাট যখন যদি আপনার পরপর তিন সিজন খেলা, তো তখন সেটা বাদ দিয়ে তো আর ন্যাশনাল প্লেয়ারদের আলটিমেটলি সুযোগ থাকে না। কারণ ওই সময় যদি খেলা থাকে, পারবে না। এইটা আসলে কোনো বড় ইস্যু না। কারণ বিগ ব্যাশ যখন হয়, তখন অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ থাকে। সো, এইটা কোনো বড় ইস্যু হবে বলে মনে হয় না। জাতীয় দলের সবাই কিন্তু ঘরোয়াতে খেলতে পারে না।’

বিপিএল সংস্কারের বিকল্প নেই
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) স্থগিতের ঘোষণা এসেছে। টুর্নামেন্টে শৃঙ্খলা ফেরাতে ও সংস্কারের লক্ষ্যে এই পদক্ষেপ নেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বিপিএল সংস্কারে বিকল্প নেই জানিয়ে বাশার বলেন, ‘বিপিএলটা আসলে আমাদের একটু গুছিয়ে করা উচিত। প্রতিবার বিপিএলে ওই ব্র্যান্ডিংটা আসলে দেখতে চাই না। এটা বাংলাদেশের জন্য ভালো হয় না। বিপিএল মানে যে নেগেটিভ নিউজগুলি হয়- ওই যে বাস আটকে আছে, হোটেল ভাড়া নাই, প্লেয়াররা পারিশ্রমিক পাচ্ছে না, এটা আমাদের জন্য খুব বিব্রতকর লাগে। কারণ বাইরের দেশে খুব বাজে একটা মেসেজ যায়। দেখেন, আমাদের বিপিএল নিয়ে কিন্তু এখন নেতিবাচক দৃষ্টিভঙ্গি। লাস্টে কিন্তু বিপিএল টুর্নামেন্টগুলো ১০ নম্বরে গেছে ফ্র্যাঞ্চাইজি আসরগুলোর মধ্যে। এবং এখানে কিন্তু বড় প্লেয়ার আসতেও চায় না। আমাদের মনে হয় আগে ব্র্যান্ডিংটা সেট করে তারপর ভালো মতো শুরু করা উচিত, সো দ্যাট সবাই যেন খেলতে আসে। এই ক্ষেত্রে আমাদের তো কোনো ব্র্যান্ড তৈরি হয় নাই। ফ্র্যাঞ্চাইজিগুলো ব্র্যান্ড তৈরি করতে পারেনি। তো আমার মনে হয় যে একটু গুছিয়ে ভালো মতো করা উচিত। এগুলি দেখতে আর ভালো লাগে না, খুব বিব্রতকর লাগে।’