আন্তর্জাতিক হকিতে ছেলেদের অনূর্ধ্ব-২০ দল যখন টানা হারে খাদের কিনারায়, তখন সাফল্যের জোয়ার বইয়ে দিচ্ছে লাল-সবুজের মেয়েরা। চীনে জুনিয়র এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে উড়ন্ত জয় দেখলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। গতকাল পাকিস্তানের মেয়েদের ৫-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। নিেেজদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করে মেয়েরা। উল্টো চিত্র ছেলেদের খেলায়। আসরে টানা দ্বিতীয় হার দেখলো ছেলেদের বাংলাদেশ অনূর্ধ্ব-২০ হকি দল।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টের পুল ‘বি’-এর ম্যাচে গতকাল মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হার দেখে ছেলেরা। এটি টুর্নামেন্টে তাদের টানা দ্বিতীয় পরাজয়। এর আগে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলের হারে আসর শুরু করে তারা।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় যুবারা। ২৪ মিনিটে মোহাম্মদ আবদুল্লাহ ব্যবধান কমানোর পর, ৩৩ মিনিটে দুরূহ কোণ থেকে অসাধারণ রিভার্স হিটে স্কোরলাইন ২-২ সমতায় ফেরান মাহাদী হাসান। তবে চতুর্থ কোয়ার্টারে এসে খেই হারায় দল। মালয়েশিয়ার ফাহমি সুজাইনি ৪৮ ও ৫১ মিনিটের মধ্যে জোড়া গোল করে বাংলাদেশের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন। পুল ‘বি’-তে দশ দলের এই লড়াইয়ে টানা দুই হারে বর্তমানে পয়েন্টশূন্য অবস্থানে রয়েছে বাংলাদেশ। নবমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেয়া দলের সামনে এবার ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আগামীকাল কাজাখস্তানের মুখোমুখি হবে তারা।
অন্যদিকে, টুর্নামেন্টে উড়ন্ত ছন্দে রয়েছে বাংলাদেশের মেয়েরা। হুলুনবুইর সিটিতে পাকিস্তানকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারায় তারা। এটি দলের টানা দ্বিতীয় জয়। এর আগে চাইনিজ তাইপের বিপক্ষে ৭-০ গোলের দাপুটে জয়ে আসর শুরু করে লাল-সবুজের মেয়েরা। ম্যাচের নবম মিনিটে লনিমা নুপুরের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি স্ট্রোক থেকে স্কোরশিটে নাম লেখান রিমন সারিকা। এরপর পাকিস্তান এক গোল শোধ করে। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে কনা আক্তার এবং চতুর্থ কোয়ার্টারের শেষ মুহূর্তে আইরিন রিয়া গোল করে দলের ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন।
নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২৪ সালের আসরে নবম হয়েছিল তারা। মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দশ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে আছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম দল খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।
