বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে আইসিসি’র নতুন পরিকল্পনা

বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে আইসিসি’র নতুন পরিকল্পনা

ফন্ট সাইজ:

একটা সময় যে ম্যাচ নিয়ে দেখা যেত টানটান উত্তেজনা, ভক্ত-সমর্থকদের উৎসাহ-উদ্দীপনা, সেখানে রাজনীতির কালো থাবার কারণে ভারত-পাকিস্তানের ম্যাচ হয় কালে ভদ্রে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এখন এশিয়ার এই দুই দলকে নিয়ে নতুন পরিকল্পনা করছে বলে ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে। সেখানে থাকতে পারে বাংলাদেশও। ২০১৩ সালের পর ভারত-পাকিস্তান কখনোই দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এরপর মুখোমুখি হয়েছে হয় এশিয়া কাপে অথবা আইসিসির ইভেন্ট যেমন ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফিতে। এবার জানা গেল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে নিয়ে আইসিসি আরও বেশি বেশি ম্যাচ আয়োজন করতে চাচ্ছে।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, ভবিষ্যতে ভারত-পাকিস্তানের জন্য বেশি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে আইসিসির। কারণ, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি থাকে। ভারতের সংবাদমাধমের এক প্রতিবেদনে জানা যায়, দুই দেশ (ভারত-পাকিস্তান) এখন দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না। কোনো নিরপেক্ষ ভেন্যুতে তিন বা চার দেশের সিরিজ আয়োজন করা যেতে পারে। সেই সিরিজে বাংলাদেশ-শ্রীলঙ্কাকেও আমন্ত্রণ জানানো হতে পারে। ভারত-পাকিস্তানকে নিয়ে প্রস্তাবিত বহুজাতিক টুর্নামেন্ট আলোর মুখ দেখবে কি না, সেজন্য সেপ্টেম্বরের শেষ দুই সপ্তাহ গুরুত্বপূর্ণ। ২২ ও ২৩ সেপ্টেম্বর দুবাইয়ে আইসিসির সদস্য দেশগুলোর বৈঠক হতে যাচ্ছে। সেই বৈঠকে ১২ পূর্ণ সদস্যের দেশ এবং ৮ সহযোগী সদস্য দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানেই বহুদেশীয় টুর্নামেন্ট, ভারত-পাকিস্তান ম্যাচ সংখ্যা বৃদ্ধিসহ নানা বিষয়ে আলোচনা করা হতে পারে জানা গেছে। ভারত-পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের কথাও ভাবা হয়েছে। পাকিস্তান এ ধরনের সিরিজ খেলতে বেশ আগ্রহী। তবে ভারতের অবস্থান এখনো স্পষ্ট নয়।

এ ছাড়া এই সেপ্টেম্বরেই বাংলাদেশ সফরে ভারতের তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু সেটা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক সূত্রের বরাতে এএনআই জানিয়েছে, ২০২৭ সালের শুরুতে হতে পারে বাংলাদেশ-ভারত সিরিজ। ২০২৪ সালের ডিসেম্বরে বিসিসিআই-পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। ২০২৪-২০২৭ চক্রে এই দুই দেশ যেসব টুর্নামেন্টের আয়োজক, সেগুলো হতে হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ, এক দল অপর দেশে খেলতে যাবে না। সেই ধারাবাহিকতায় ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ হয়েছে হাইব্রিড মডেলে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ছিল পাকিস্তান এবং নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল ভারত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল যৌথ আয়োজক শ্রীলঙ্কার শহর কলম্বোতে।