রোনালদো-এমবাপ্পেকে ছাড়িয়ে হালান্দের ৩০০

রোনালদো-এমবাপ্পেকে ছাড়িয়ে হালান্দের ৩০০

ফন্ট সাইজ:

নতুন চেহারার ম্যানচেস্টার সিটি, ডাগআউটে নতুন কোচ। তবে গোলমুখে সেই চেনা ছন্দের আর্লিং ব্রুট হালান্দ। ইংলিশ প্রিমিয়ার লীগে কভেন্ট্রি সিটিকে ১-০ গোলে হারিয়ে লীগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সিটিজেনরা। দুর্দান্ত এক হেড থেকে জয়সূচক গোলটি করে ক্লাব ক্যারিয়ারের ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন হালান্দ। মোলডে, রেড বুল সালজবুর্গ, বরুসিয়া ডর্টমুন্ড এবং বর্তমান ক্লাব ম্যান সিটির হয়ে খেলা স্রেফ ৩৮৪তম ম্যাচে এই অনন্য কীর্তি গড়লেন তিনি। এই মাইলফলকে পৌঁছাতে আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির (৩৬৫ ম্যাচ) চেয়ে সামান্য পিছিয়ে হালান্দ। তবে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে (৩৯৮) এবং পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে (৪৯৯) বেশ ভালোভাবেই পেছনে ফেলেছেন তিনি। পেপ গার্দিওলার বিদায়ের পর নতুন কোচ এনজো মারেস্কার অধীনে ম্যান সিটি যেন এক নতুন যুগে প্রবেশ করেছে।

স্কোয়াড নতুন করে সাজাতে প্রায় ৪৫০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে তারা। তবে নতুনদের এই ভিড়েও দলের সবচেয়ে মূল্যবান রত্ন যে হালান্দই, তা তিনি ২৬ মিনিটে প্রমাণ করেন। এই জয়ে মারেসকার অধীনে ৩ ম্যাচে সিটির শতভাগ জয়ের ধারা অব্যাহত থাকলো। তবে ২৬ বছর বয়সী হালান্দ নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন। ম্যাচ শেষে ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ নরওয়েজিয়ান স্ট্রাইকার বলেন, ‘ম্যাচটা আগেই পুরোপুরি নিজেদের করে নেয়ার জন্য আমার আরও গোল করা উচিত ছিল। কিন্তু আমি তা পারিনি।

যার ফলে দলের জন্য কাজটা কঠিন হয়ে যায় এবং কভেন্ট্রি শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকার সুযোগ পায়। প্রিমিয়ার লীগে আপনি সুযোগ কাজে লাগাতে না পারলে আপনাকে ভুগতে হবে।’ কোচ মারেস্কা স্বস্তি প্রকাশ করে বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ জয়, যা প্রথম দুটি ম্যাচের চেয়ে একেবারেই আলাদা। আমি খুবই আনন্দিত। খেলোয়াড়দের সাথে আমার প্রতিদিনের পরিচয় বাড়ছে। অর্থাৎ, আমরা সামনে আরও উন্নতি করব।’ দলবদলের শেষ দিন পর্যন্ত এনজো ফার্নান্দেজ এবং ইলিমান এনডিয়ায়ের মতো তারকাদের দলে ভেড়ায় সিটিজেনরা। কভেন্ট্রির বিপক্ষে তাদের অভিষেকও হয়েছে, সঙ্গে ছিলেন গ্রীষ্মের আরেক দামি খেলোয়াড় এলিয়ট অ্যান্ডারসন। সিটির জার্সিতে অভিষেক ম্যাচে জয়ের পর নতুন এনডিয়ায়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘জয় দিয়ে শুরু করতে পেরেছি, এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না।’ নতুন সতীর্থদের নিয়ে হালান্দ বলেন, ‘আমার মনে হয় আমরা এমন অনেক খেলোয়াড় এনেছি যারা এই পর্যায়ের চাপ নিতে জানে। এনজো ফার্নান্দেজ জানে কীভাবে শিরোপা জিততে হয় এবং প্রিমিয়ার লীগে কীভাবে খেলতে হয়। সে সরাসরি দলে জায়গা করে নেবে। এলিয়টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

আমরা তাদের স্বাগত জানানোর চেষ্টা করেছি, ঠিক যেমনটা আমি সিটিতে আসার পর পেয়েছিলাম। ভালো খেলোয়াড়দের কাছ থেকে আপনি এটাই প্রত্যাশা করেন।’ বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে ম্যান সিটি। অবশ্য শনিবার পর্যন্ত ৬ পয়েন্ট নিয়ে তিনে থাকা গানাররা এক ম্যাচ কম খেলেছে। লীগে নিজেদের পরবর্তী ম্যাচে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে নামবে সিটিজেনরা।