বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) বোলিং কোচ করা হচ্ছে জাতীয় দলের সাবেক বাঁহাতি পেসার সৈয়দ রাসেলকে। কয়েকদিন আগে জাতীয় ক্রিকেট লীগে খুলনা বিভাগের কোচিং প্যানেল থেকে বাদ পড়েন তিনি। এরপর তাকে নিয়ে শুরু হয় নানা আলোচনা। এর মধ্যেই তাকে এইচপি’র কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এইচপি’র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ২০১০ সালে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা রাসেল জাতীয় দলের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ৬৬টি ম্যাচ খেলেছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় যোগ দেন। ডিপিএল, বিপিএল, এনসিএল ঘরোয়ার সব বিভাগের হয়ে কাজ করেছেন রাসেল।
গেল কয়েক বছর ধরে খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। জাতীয় ক্রিকেট লীগের আসন্ন আসরে খুলনার কোচিং প্যানেলে নেই তিনি। এরপর তাকে এইচপি’র কোচ করার সিদ্ধান্ত নেয় বিসিবি। এইচপি’র একটি সূত্র জানায়, ‘হ্যাঁ আমরা রাসেলকে এইচপি’র বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিচ্ছি। এখন তো টানা খেলা চলছে প্রত্যেকটা দলের। আমাদের কিছু কোচ কমও আছে। সেক্ষেত্রে রাসেলকে এইচপি’র বোলিং কোচ করা হচ্ছে।’ মূলত এইচপি’র বোলিং কোচ তালহা জুবায়ের। তবে তিনি জাতীয় দলে ব্যস্ত থাকায় দরজা খুলেছে রাসেলের জন্য। রাসেল অবশ্য এখনো আনুষ্ঠানিক প্রস্তাব পাননি। তিনি বলেন, ‘আমি এখনো প্রস্তাব পাইনি। তবে এটার কথা আমিও শুনেছি। আমাকে শুধু বোর্ড থেকে জিজ্ঞাসা করা হয়েছিল- আমি ফ্রি আছি কি না? তখন আমি তাদের জানিয়েছি- হ্যাঁ, আমি ফ্রি আছি।’
