বাফুফেকে কক্সবাজারে কোটি টাকার টেকনিক্যাল সেন্টারের জায়গা বরাদ্দ

বাফুফেকে কক্সবাজারে কোটি টাকার টেকনিক্যাল সেন্টারের জায়গা বরাদ্দ

ফন্ট সাইজ:

কক্সবাজারে ফিফার অর্থায়নে টেকনিক্যাল সেন্টার করার কথা বাফুফের। তবে জায়গা চূড়ান্ত করতে না পারায় ফিফার কোটি টাকার অনুদান হাতছাড়ার উপক্রম হয়েছিল বাফুফের। অবশেষে বাফুফে কক্সবাজারে রামু উপজেলার রশিদনগরের ধলিরছড়া মৌজায় ১৫.২০ একর জমি সরকার থেকে পাচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামীকাল কক্সবাজারে সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক ও বাফুফের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে। বাফুফের গভর্মেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি বলেন, ‘ভূমি মন্ত্রণালয় থেকে ফেডারেশনের কাছে চিঠিতে জায়গার মূল্য বাবদ কয়েক কোটি টাকা চেয়েছিল। ফেডারেশনের সেটি প্রদানের সামর্থ্য নেই। ফুটবল ফেডারেশন থেকে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করা হলে প্রধানমন্ত্রী ১ লাখ ১ টাকার নামমাত্র মূল্যে এটি ফুটবল ফেডারেশনের অনুকূলে লিজ প্রদানের নির্দেশনা দিয়েছেন।

সেই মোতাবেক সোমবার কক্সবাজারে চুক্তি সম্পাদন হবে।’ কাজী সালাউদ্দিনের সময় কক্সবাজারের রামুতেই ফিফা টেকনিক্যাল সেন্টারের চুক্তি স্বাক্ষর হয়েছিল। অধিকাংশ জায়গা বনের মধ্যে পড়ায় পরিবেশবাদী সংগঠন আপত্তি তোলে। বাফুফের সেই চুক্তি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। পরবর্তীতে কক্সবাজারেরই অন্যত্র জায়গা খুঁজে পায় ফেডারেশন। জায়গা খুঁজে পাওয়া ও আর্থিক সংকট মিলিয়ে অনেক বিলম্ব হওয়ায় ফিফার প্রজেক্ট হাতছাড়া হয়ে যাচ্ছিল। বাফুফের নামে অন্তত ২০ বছরের কম সময় জমির মালিকানা বা দখল না থাকলে ফিফা অনুদান দেয় না। কক্সবাজারের টেকনিক্যাল সেন্টার নিয়ে টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, ‘ফুটবলের জন্য সুখবর, অবশেষে আমরা টেকনিক্যাল সেন্টারের জায়গার সমস্যা সমাধান করতে পেরেছি। সোমবার চুক্তি হলে সেটা ফিফায় পাঠানো হবে। এরপর দ্রুতই কাজ শেষ করা যাবে, কারণ অনুদান আমাদের জন্য বরাদ্দই রয়েছে। এখানে আমরা তিনটি মাঠ, জিম, সুইমিংপুল ও দু’টি ডরমেটরি করার পরিকল্পনা রয়েছে।’ আগামীকাল দুপুরে কক্সবাজারে বাফুফে নির্বাহী কমিটির সভাও রয়েছে। সেই সভায় মূলত টেকনিক্যাল সেন্টার নিয়েই আলোচনা হওয়ার কথা। পাশাপাশি ফুটবলের সমসাময়িক কিছু বিষয়ও উঠতে পারে। নির্বাহী কমিটির কর্মকর্তারা আগামীকাল কক্সবাজার গিয়ে দুপুরে সভা ও চুক্তি করে আবার বিকালে ঢাকায় ফিরবেন।

.