জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে গোলবন্যায় ভাসালো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে গতকাল প্রতিপক্ষকে ৭-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দেয় লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের চ্যালেঞ্জার পুলে নিজেদের প্রথম ম্যাচেই এমন দাপুটে জয়ে শুভসূচনা হলো দেশের মেয়েদের। ম্যাচের প্রথম কোয়ার্টারে গোলের দেখা না মিললেও শেষ তিন কোয়ার্টারে রীতিমতো ঝড় তোলে বাংলাদেশ। ২০ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে ডেডলক ভাঙে। এরপর তৃতীয় কোয়ার্টারে আক্রমণে ধার বাড়িয়ে একের পর এক গোলের দেখা পেতে থাকে দল। এই অর্ধে ফরোয়ার্ডদের নান্দনিক নৈপুণ্যে আরও চার গোল আদায় করে নেন মেয়েরা। এমা ও আইরিন এ সময় দু’টি করে ফিল্ড গোল করে ব্যবধান ৪-০তে নিয়ে যান।
চতুর্থ কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ষষ্ঠ গোলটি আদায় করেন সারিকা রিমন। এর ঠিক ছয় মিনিট পর আরেকটি পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় এবং দলের ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। ম্যাচে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন আইরিন আক্তার। তবে বিশাল ব্যবধানে জয়ের পরও কোচ মহসিনের কণ্ঠে আক্ষেপের সুর শোনা গেছে। ম্যাচের কৌশল ও ফিনিশিং নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘প্রতিটি কোয়ার্টারে খেলোয়াড়দের জন্য আমরা আলাদা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলাম। প্রথম দুই কোয়ার্টারে আমরা বেশ কিছু ভালো সুযোগ তৈরি করি, তবে ফিনিশিংটা ভালো হয়নি। বিশেষ করে ফরোয়ার্ডদের মধ্যে বোঝাপড়ার অভাব ছিল দৃশ্যমান। আমরা যেভাবে খেলেছি, তাতে বিরতিতে যাওয়ার আগেই আমাদের ৫-৬ গোলে এগিয়ে থাকা উচিত ছিল।’ তবে বিরতির পর দলের ঘুরে দাঁড়ানোকে ইতিবাচক হিসেবেই দেখছেন কোচ। তার ভাষ্য, ‘হাফটাইমে আমরা আবার একসঙ্গে বসে নিজেদের ভুলগুলো শুধরে নিই এবং যেসব বিষয় নিয়ে কথা হয়েছিল, সেগুলো মনে করিয়ে দিই।
দ্বিতীয়ার্ধে সেটিরই প্রতিফলন দেখা গেছে। খেলোয়াড়দের বোঝাপড়া ফিরে আসে এবং আমরা প্রথমার্ধের চেয়ে অনেক ভালো খেলি। ম্যাচ চলাকালেই দলের এই ধারাবাহিক উন্নতিতে আমি সন্তুষ্ট।’ ম্যাচসেরার পুরস্কার জেতা আইরিন আক্তারের কণ্ঠেও বড় জয়ের পাশাপাশি কিছুটা লক্ষ্যভ্রষ্ট হওয়ার আক্ষেপ ঝরেছে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবশ্যই জিতে ভালো লাগছে। তবে আমাদের লক্ষ্য ছিল প্রতিটি কোয়ার্টারে অন্তত তিনটি করে গোল করার, সেটি হয়নি।’ উল্লেখ্য, দশ দলের এই প্রতিযোগিতায় চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
