আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আফগানদের বিপক্ষে একটি টেস্টও আছে টাইগারদের। এই সিরিজের জন্য আগামী ১১ই সেপ্টেম্বর থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্প শুরু হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) ক্রিকেট অপারেশন্স কমিটির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত মাসে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জিতেছে বাংলাদেশ দল। সিরিজ ১-১ ড্র করে গত ২৮শে আগস্ট দেশে ফিরেছে টাইগাররা।
এরপর কিছুদিন বিশ্রাম কাটিয়ে আবার মাঠে ফিরছেন নাজমুল হোসেন শান্ত-লিটন কুমার দাসরা। আগামী ১১ই সেপ্টেম্বর ফিটনেস দিয়ে শুরু হবে ক্যাম্প। জাতীয় দলের রাডারে থাকা ক্রিকেটাররা ক্যাম্পে অংশ নেবেন। ফিটনেস টেস্টের পর শুরু হবে স্কিল ক্যাম্প। এরপর শুরু হবে ব্যাট-বলের অনুশীলন। শুরুতে গুঞ্জন ছিল, কোচিং প্যানেলের বিদেশি সদস্যরা ক্যাম্পের শুরুতে আসবেন না। তবে ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র নিশ্চিত হয়েছে পুরো কোচিং প্যানেলই ক্যাম্পে উপস্থিত থাকবেন। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ বা একমাত্র টেস্ট, কোনো কিছুরই সূচি প্রকাশ হয়নি এখনো। সূত্র জানিয়েছে, দু’টি সিরিজের আয়োজকই আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সূচিও তারাই প্রকাশ করবেন।
