চোটের কারণে ফের দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে নেইমার

চোটের কারণে ফের দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে নেইমার

ফন্ট সাইজ:

চোটের দুর্ভাগ্যের বৃত্ত থেকে বের হতে পারছেন না নেইমার জুনিয়র। ডান উরুর পেশিতে গুরুতর চোট পাওয়ায় চার থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান মহাতারকাকে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোর তথ্য অনুযায়ী, পালমেইরাসের বিপক্ষে বৃহস্পতিবার কোপা দো ব্রাজিলের ম্যাচে মাঠে নেমে উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। শুক্রবারের মেডিকেল পরীক্ষায় তার ডান উরুর রেক্টাস ফেমোরিস পেশিতে টাইপ টু-বি ইনজুরি ধরা পড়ে। সান্তোসে ফেরার পর থেকেই নেইমারের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এর আগে বাঁ উরু, হাঁটুর মেনিস্কাস এবং কাফে চোট পেলেও কোনোবারই নির্ধারিত সময়ের আগে মাঠে ফিরতে
পারেননি তিনি। ক্লাব কর্তৃপক্ষও এবার কোনো ধরনের তাড়াহুড়ো করতে নারাজ।

আগামী রোববার ইন্টার-ন্যাসিওনালের বিপক্ষে তো বটেই, কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালেও দলের সেরা তারকাকে ছাড়াই নামতে হবে সান্তোসকে। অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটির জন্য এটি নিঃসন্দেহে এক অপূরণীয় ক্ষতি। একই ম্যাচে চোটের কারণে ডিফেন্ডার লুকাস ভেরিসিমো ও ফরোয়ার্ড আলভারো বারেয়ালকেও হারিয়েছে দলটি। ম্যাচ শেষে ভিলা বেলমিরো স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন নেইমার। তিনি কটাক্ষ করে বলেন, ‘ভিলা বেলমিরো স্টেডিয়ামের ম্যা নেজারকে ধন্যবাদ জানাতে চাই... আমার দেখা সবচেয়ে বাজে অবস্থায় মাঠ ছিল গতকাল। ম্যাচের একদিন আগে মাটি আলগা করে ফেলায় মাঠে প্রচুর গর্ত ছিল। প্রতিপক্ষের পাশাপাশি মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে আমাদের।’

নেইমারের এই মন্তব্যের পর বসে থাকেনি পালমেইরাসও। ইনস্টাগ্রামে ব্যঙ্গাত্মক এক পোস্টে তারা লেখেন, ‘আমরা নুব্যাংক
পার্কের মাঠের দায়িত্বে যারা আছেন তাদের অভিনন্দন জানাতে চাই... সেখানকার মাঠ সব সময় নিখুঁত ও গর্তমুক্ত থাকে। প্রতিপক্ষ দলকে ভালো মাঠ দেয়ার পাশাপাশি আমাদের খেলোয়াড়রাও সেখানে দৌড়ানোর সময় নিরাপদ বোধ করে। পালমেইরাস গত পাঁচ বছরে সেরি আ (ব্রাজিলের শীর্ষ প্রতিযোগিতা) ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে কম চোট পাওয়া দল... অসাধারণ কাজ।’ সেদিন চোখে জল নিয়ে মাঠ ছাড়ার পর সান্তোসের এই ফরোয়ার্ডের পরবর্তী ম্যাচগুলোতে ফেরা নিয়ে শঙ্কা আরও ঘনীভূত হয়। ১৪ নম্বরে থাকা সান্তোসের জন্য নেইমারের এই অনুপস্থিতি বড় আঘাত হয়ে আসতে পারে।