প্রতিবেশী দেশ নেপালে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি প্রকাশ এবং মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে, তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে টিম গ্রুপ।
৩ সেপ্টেম্বর ২০২৬ টিম গ্রুপের প্রধান কার্যালয়ে গুড নেইবারস বাংলাদেশের সহযোগিতায় টিম গ্রুপের পক্ষ থেকে নেপালের দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় পোশাক, ওষুধ এবং অন্যান্য জরুরি সামগ্রী হস্তান্তর করা হয়েছে। মানবিক সহায়তার এই উদ্যোগের আওতায় টিম গ্রুপের নিজস্ব উৎপাদিত পোশাক, ক্লথিং ব্র্যান্ড টুয়েলভ পক্ষ থেকে প্রয়োজনীয় সামগ্রী এবং টিম ফার্মাসিউটিক্যালসের ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে।
টিম গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ হিল নাকিব, প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম, গুড নেইবারস বাংলাদেশের কান্ট্রি হেড বার্টিন গোমেজ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আব্দুল্লাহ হিল নাকিব বলেন, “এটি শুধুমাত্র একটি সহায়তা কার্যক্রম নয়; বরং সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। সেই বিশ্বাস থেকেই প্রতিষ্ঠানটি নেপালের দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।”
