সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তুমুল লড়াই, নিহত বেড়ে ১৮৯

সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তুমুল লড়াই, নিহত বেড়ে ১৮৯

ফন্ট সাইজ:

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে দেশটির সরকারি বাহিনী (সৌদি আরব সমর্থিত) ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে তীব্র লড়াইয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৮৯ জনে দাঁড়িয়েছে। শনিবারও (৫ সেপ্টেম্বর) দেশটির পশ্চিম উপকূলীয় বিভিন্ন এলাকায় সংঘর্ষ অব্যাহত ছিল।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির দিকে হুতিদের অগ্রসর হওয়ার চেষ্টাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সামরিক ও চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে ইয়েমেন সরকারের ৬৬ জন সেনা এবং অন্তত ৬২ জন হুতি যোদ্ধা রয়েছেন। সংঘর্ষে একজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। তবে নিহতের মোট সংখ্যা কীভাবে ১৮৯-এ পৌঁছেছে, সে বিষয়ে বিভিন্ন সূত্রের তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে।

দেশটিতে সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় হুতিদের স্থল অভিযানের পর। উপকূলীয় এলাকায় রকেট ও ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়েছে তারা।

সামরিক সূত্র জানিয়েছে, সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাকে বিচ্ছিন্ন করে দেয়া এবং বাব আল-মান্দাবের কাছাকাছি এলাকাগুলোর দিকে অগ্রসর হওয়াই হুতিদের অভিযানের অন্যতম লক্ষ্য।

এর জবাবে শনিবার পাল্টা অভিযান শুরু করে ইয়েমেনের সরকারি বাহিনী। তারা জানিয়েছে, আল-জাররাহির দক্ষিণাঞ্চলে জায়ান্টস ব্রিগেডের ইউনিটগুলোর সহায়তায় অভিযান চালানো হয়েছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর দাবি, হায়েস জেলার সব এলাকা তারা পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে। তাইজ প্রদেশের আল-কাদাহ এলাকাতেও হুতিদের সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মিডিয়া সেন্টার জানিয়েছে, পশ্চিম উপকূলের তাইজ ও হোদেইদা ফ্রন্টে হুতিদের অবস্থান, সমাবেশ ও যানবাহন লক্ষ্য করে যুদ্ধবিমান ১৫টির বেশি বিমান হামলা চালিয়েছে।
এর আগে শুক্রবারের লড়াইয়ে কয়েক ডজন মানুষ নিহত বা আহত হন এবং সম্মুখসারির কাছাকাছি এলাকা থেকে শত শত বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে।