আইসিডিডিআরবি’র সঙ্গে স্ট্যান্ডার্ড চার্টার্ডের চুক্তি

ফন্ট সাইজ:

দেশের প্রান্তিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে অক্সিজেনের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি’র সঙ্গে যৌথভাবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ উদ্যোগের আওতায় ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৮০টি উচ্চক্ষমতার অক্সিজেন কনসেনট্রেটর বিতরণ ও স্থাপন করা হবে।
সম্প্রতি আইসিসিডিডিআরবি’র সঙ্গে এ বিষয়ে চুক্তি করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ, যা শ্বাসতন্ত্রের রোগের প্রকোপের সময় আরও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ৬ থেকে ২৪ মাস বয়সী শিশু ও অল্পবয়সী বাচ্চাদের মধ্যে শ্বাসতন্ত্রের জটিলতা বেশি পরিলক্ষিত হয়। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহের ফলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনের সময়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন অক্সিজেন সেবা পৌঁছে যাবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, ‘স্বাস্থ্য খাতের একটি সময়োপযোগী ও বাস্তবসম্মত চাহিদা মেটানোর পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত।’

আইসিডিডিআরবি’র এক্সিকিউটিভ ডিরেক্টর ড. তাহমীদ আহমেদ বলেন, অনেক বেসরকারি ও এনজিও পরিচালিত হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা নেই। পাশাপাশি অক্সিজেন কনসেনট্রেটর ব্যয়বহুল এবং অক্সিজেন থেরাপির প্রয়োজনও বেড়েছে। বিশেষ করে ঝুঁকিতে থাকা ও নিম্নআয়ের মানুষের মধ্যে এ চাহিদা বেশি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় অক্সিজেনের ঘাটতি পূরণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই অনুদান গুরুত্বপূর্ণ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা খাতের অবকাঠামো শক্তিশালী করতে কাজ করে আসছে। এর আগে ব্যাংকটি কুমুদিনী হাসপাতাল, এম এ রশিদ হাসপাতাল, টিএমএসএস মেডিকেল কলেজ, রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালে বায়ু থেকে মেডিকেল-গ্রেড অক্সিজেন উৎপাদনে সক্ষম প্ল্যান্ট স্থাপনে সহায়তা করেছে।