কুমিল্লায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

পরিচয় শনাক্তে মাঠে সিআইডি

কুমিল্লায় অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

কুমিল্লায় সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাতটার দিকে জেলার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দরপুর-চরগোয়ালী সড়কের মুদ্দাফর্দি এলাকার জনৈক রিপন মিয়ার বাড়ির দক্ষিণ পাশে পাকা রাস্তার বাম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই নারীর মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সড়কের পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অজ্ঞাতনামা ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যার আলামত পরিলক্ষিত হয়েছে। ওই নারীর শরীরের বিভিন্ন অংশে রাস্তার সাথে থেঁতলানো আঘাতের চিহ্ন দেখা যায়। ঘটনাস্থলের আশপাশে খোঁজ নিয়ে জানা যায়, অজ্ঞাতনামা ওই নারী মানষিক বিকারগ্রস্ত ছিলেন। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতপূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
দাউদকান্দি থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, নিহতের নাম-ঠিকানা শনাক্ত ও মৃত্যুর মূল রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে। পরিচয় সনাক্তের জন্য সিআইডি ফিঙ্গারপ্রিণ্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।