পশ্চিমবঙ্গে রেললাইন ধসে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন, লাগামছাড়া বাস ও বিমান ভাড়া

পশ্চিমবঙ্গে রেললাইন ধসে উত্তরবঙ্গ বিচ্ছিন্ন, লাগামছাড়া বাস ও বিমান ভাড়া

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নিউ ফারাক্কা এবং তিলডাঙ্গা স্টেশনের মধ্যে রেললাইনে ধসে গেছে। এ কারণে টানা দ্বিতীয় দিনের মতো উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। শুক্রবার ও শনিবার দার্জিলিং মেল এবং আরও অন্তত ১৩টি দূরপাল্লার ট্রেন বাতিল হওয়ায় যাত্রীরা সঙ্কটে পড়েছেন। প্রয়োজনে কলকাতা থেকে শিলিগুড়ি যেতে গিয়ে লাগামছাড়া বাস ও বিমান ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। বাস অপারেটররা এক হাজার রুপির ভাড়া ৫/৬ হাজার রুপি নিচ্ছে। বিমান ড়াড়াও ৭/৮ হাজার থেকে বেড়ে ১৫ হাজার রুপি নেয়া হচ্ছে বলে অভিযোগ। কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ২০টি অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। মালদা ও মুর্শিদাবাদের জেলা ম্যাজিস্ট্রেটরা থেমে থাকা ট্রেনের যাত্রীদের খাবারের প্যাকেট দিচ্ছেন।

তবে, যাত্রীদের ভিড়ের মধ্যে অতিরিক্ত বাসও যথেষ্ট নয় বলে জানা গিয়েছে। পূর্ব রেলওয়ে জানিয়েছে, একটানা ভারী বৃষ্টি এবং আপ লাইনের পাশের একটি পুকুর উপচে পড়ায় রেললাইনের বাধের ভেতর পানি ঢুকে ভূমি ক্ষয় হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ চলছে। তবে কবে ওই লাইন দিয়ে ট্রেন ফের চালানো যাবে, তা এখনও স্পষ্ট নয়। রেলের কর্মকর্তারাও নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। সূত্রের খবর, প্রায় একই জায়গায় বার বার ধস নামছে। সেখানকার মাটি আলগা হয়ে এসেছে। বালির বস্তা এবং স্টোনচিপ্স চাপিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা হচ্ছে। উত্তরবঙ্গ যাওয়া ও সেখান থেকে আসার গুরুত্বপূর্ণ অধিকাংশ ট্রেন বাতিল করা হলেও কিছু ট্রেন নিউ ফরাক্কা, আজমিরগঞ্জ, কাটোয়া দিয়ে ঘোরানো হচ্ছে। সেই তালিকায় রয়েছে এনজেপি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস, শুক্রবারের গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-এনজেপি এক্সপ্রেস, হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেস এবং কলকাতা-হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।