পরমাণু অস্ত্র বিস্তার রোধসংক্রান্ত বাধ্যবাধকতা মেনে চলতে ব্যর্থ হয়েছে ইরান। এমন দাবি করে এ বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানোর লক্ষ্যে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স ও জার্মানি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিচালনা পর্ষদে প্রস্তাবটি বিবেচনার জন্য তোলা হতে পারে বলে কূটনীতিকদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় থাকা এসব বাধ্যবাধকতা অনুযায়ী, ইরান আইনগতভাবে তার সব পরমাণু উপাদান ও কার্যক্রম ঘোষণা করতে এবং ভিয়েনাভিত্তিক আইএইএর পরিদর্শকদের তা যাচাই করার সুযোগ দিতে বাধ্য। এর মাধ্যমে পরমাণু উপাদান ও কার্যক্রমের কোনো অংশ শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে অন্য কোনো কাজে সরিয়ে নেয়া হচ্ছে কি না, তা নিশ্চিত করার কথা। খসড়া প্রস্তাবে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সংস্থাটির সদস্যদের পাশাপাশি নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে প্রস্তাবটি এবং এর আগে গৃহীত সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আইএইএর সংবিধির সংশ্লিষ্ট ধারার আলোকে এ অনুরোধ জানানো হয়েছে।
কূটনীতিকরা জানিয়েছেন, প্রস্তাবটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেয়া হয়নি। ফলে খসড়াটির ভাষায় এখনো পরিবর্তন আসতে পারে। পরিচালনা পর্ষদের সদস্যরা এতে সংশোধনী প্রস্তাব দেয়ার সুযোগ পাবেন।
