হুলুনবুইর সিটিতে নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুভসূচনা করলো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চাইনিজ তাইপের বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিলো লাল-সবুজের মেয়েরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে গোল না পেলেও দ্বিতীয় কোয়ার্টারের ২০ মিনিটে কনা আক্তারের ফিল্ড গোলে এগিয়ে যায় দল। তৃতীয় কোয়ার্টারে প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে আক্রমণের পসরা সাজায় বাংলাদেশ। এ সময় দুটি করে চমৎকার ফিল্ড গোল উপহার দেন এমা নাদিরা ও আইরিন রিয়া।
শেষ ও চতুর্থ কোয়ার্টারে অধিনায়ক রিমন সারিকার একক নৈপুণ্যে জয় নিশ্চিত হয়। ৫১ ও ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার (পিসি) থেকে দারুণ দুটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করার পাশাপাশি নিজের জোড়া গোল পূর্ণ করেন সারিকা।
১০ দলের টুর্নামেন্টটিতে চ্যালেঞ্জার পুলে খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই এমন বড় জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছালো মেয়েরা। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
