ব্রিকস সম্মেলনে তারেক রহমান বা তার প্রতিনিধি আসবেন কিনা ভারতের জানা নেই, মন্তব্য নেই হাসিনার বিষয়ে

ব্রিকস সম্মেলনে তারেক রহমান বা তার প্রতিনিধি আসবেন কিনা ভারতের জানা নেই, মন্তব্য নেই হাসিনার বিষয়ে

ফন্ট সাইজ:

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না বা তার কোনও প্রতিনিধি আসবেন কি না, সে ব্যাপারে ভারত সরকার এখনো কিছু জানে না। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো যোগাযোগ হয়েছে কিনা। ওই প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন- ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে এই মুহূর্তে আমার কাছে জানানোর মতো কোনো নির্দিষ্ট তথ্য নেই। এদিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কয়েকটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকার নিয়েও প্রশ্ন তোলেন একজন সাংবাদিক। কিন্তু সেই প্রশ্নে দৃশ্যত নীরব ছিলেন মুখপাত্র জয়সওয়াল। তিনি বলেন (বাংলাদেশের) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমের সাক্ষাৎকারগুলোর বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। উল্লেখ্য, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন হবে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ই আগস্টর সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে দ্বিপক্ষীয় সফর নিয়ে আলোচনায় জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ কয়েকটি শর্ত দেয়ার পর সফর নিয়ে আলোচনা থমকে গিয়েছে।