চট্টগ্রামে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা ওসিসহ আহত ৬

চট্টগ্রামে পুলিশের ওপর সন্ত্রাসী হামলা ওসিসহ আহত ৬

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরের খুলশীতে ফের মাথাচাড়া দিয়েছে সন্ত্রাসী বগার বাহিনী। পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত অপরাধী ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে তার অনুসারীরা। হামলায় খুলশী থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সরকারি গাড়ি। অভিযানের মুখে বাসার ভেতরে তৈরি করা গোপন সুড়ঙ্গ দিয়ে পালিয়ে গেছেন বগা। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে নগরের ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যারিকেড দিয়ে পুলিশকে টার্গেট: পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে নির্যাতনের মামলার দ্বিতীয় আসামি বগাকে গ্রেপ্তারে ভোরে ওয়্যারলেস মোড়ে অভিযানে যায় পুলিশ। আগেই খবর পেয়ে বগার অনুসারীরা সড়কে ব্যারিকেড দিয়ে রাখে। পুলিশ এগোতেই শুরু হয় হামলা। ইটপাটকেল, কাঁচের বোতল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করা হয়। এতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিমসহ ৬ জন আহত হন। একটি সরকারি গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়তে হয়।

বাসার ভেতরেই গোপন সুড়ঙ্গ: হামলার পর ওয়্যারলেস কলোনিতে বগার বাসায় অভিযান চালায় পুলিশের একাধিক দল। তল্লাশির সময় বাসার ভেতরে পাওয়া যায় একটি গোপন সুড়ঙ্গ ও বিকল্প পথে বের হওয়ার ব্যবস্থা। পুলিশ বলছে, অভিযানের খবর আগেই পেয়ে পরিবারের সহায়তায় ওই পথ ব্যবহার করে পালিয়েছেন বগা। পালানোর পর মোবাইল ও ভিডিও কলের মাধ্যমে বগা পুলিশকে হুমকিও দিয়েছেন।

শিক্ষক নির্যাতন থেকে ১৭ মামলার আসামি বগা: গত ৩০শে আগস্ট পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে জোর করে তুলে নিয়ে মারধর করা হয়। কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে। ওই মামলার দ্বিতীয় আসামি বগা। এর বাইরে চাঁদাবাজি, মাদক, দখল, অস্ত্র ও বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় দীর্ঘদিন ধরে অনুসারীদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রাজনৈতিক ছত্রছায়া ও দখলবাজি: স্থানীয় সূত্রের অভিযোগ, ৫ই আগস্টের পর বগার বলয়ে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন। তাদের মধ্যে শাওন রেজার নাম আলোচনায় উঠে আসে। ২০১৯ সালে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি ও খুলশী থানা আওয়ামী লীগের সদস্য ছিলেন শাওন। অভিযোগ রয়েছে, ৫ই আগস্টের পর বগার নেতৃত্বে শাওন ও তার অনুসারীরা ওয়্যারলেস কলোনির ১ থেকে ৫ নম্বর কোয়ার্টার দখল করে ভাড়া দিয়েছেন। হাবিব ও রবিউল নামে আরও দু’জন বগার ঘনিষ্ঠ। বগার ভাই মো. শাকিল হোসেনও আলোচনায়। স্থানীয়দের দাবি, শাকিল আগে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড যুবলীগ করতেন। ৫ই আগস্টের পর তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত হয়ে নেতা হিসেবে পরিচিতি ব্যবহার করছেন। বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ৮ই জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। খুলশী, পাহাড়তলী, ঝাউতলা ও ওয়্যারলেস এলাকায় বগা ও তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা, জুয়া ও রেলওয়ের কোয়ার্টার দখলের অভিযোগ দীর্ঘদিনের।

২০২৫ সালে বগাকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর দৈনিক আমার দেশ-এর চট্টগ্রামের আঞ্চলিক প্রধান জাহিদুল করিম কচিকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে খুলশী থানায় জিডিও করা হয়। খুলশী থানার ওসি মোহাম্মদ আবদুর রহিম বলেন, কলেজ শিক্ষককে মারধরের মামলা ও আগের অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বগার অনুসারীরা ব্যারিকেড দিয়ে হামলা চালায়। এতে আমি নিজেসহ কয়েকজন আহত হই এবং সরকারি গাড়ি ভাঙচুর হয়। বাসায় গোপন সুড়ঙ্গ পাওয়া গেছে। ওই পথ ব্যবহার করেই সে পালিয়েছে। তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বগাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, সে (বগা) অপকর্মের দায়ে বহিষ্কৃত। তাকে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না।