এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মুখে স্কচটেপ লাগানো মরদেহ

ফন্ট সাইজ:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ঠা সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বনানী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। তার নাম ইসমাইল হোসেন, বাড়ি জামালপুর সদরে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন এবং গাজীপুরের কোনাবাড়ীতে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের সময় তার পরনে সিএনজিচালিত অটোরিকশা চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল। মুখ সাদা রঙের স্কচটেপ দিয়ে বাঁধা ছিল।

যে স্থানে মরদেহটি পাওয়া গেছে, সেটি সরাসরি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, সিসিটিভি’র নজর এড়াতেই ওই স্থান বেছে নেয়া হয়ে থাকতে পারে। মরদেহটি কোন যানবাহনে করে সেখানে আনা হয়েছে, তা শনাক্তে এক্সপ্রেসওয়ের বিভিন্ন প্রবেশ ও বের হওয়ার পয়েন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আমরা ধারণা করছি, তাকে হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো একসময় মরদেহটি সেখানে ফেলে রেখে গেছে। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি। এতে মরদেহটি কখন, কীভাবে সেখানে আনা হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। ওই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা তার গায়ে সিএনজি চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। মুখে সাদা টেপ লাগানো ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে।