ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলায় ছয় আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জোশিমঠ-বদ্রীনাথ রুটে উড্ডয়নের পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তুষারপাতের মধ্যে দুপুর ১টা ১৪ মিনিটের দিকে বদ্রীনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এরপর হাথি পর্বত এলাকার কাছে এটি নিখোঁজ হয়।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পরিচালিত ভিটি-এইচসিএক্স কলসাইনযুক্ত হেলিকপ্টারটি বদ্রীনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে যাত্রা করেছিল। জোশিমঠ উপত্যকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময়ে ট্র্যাকিং ব্যবস্থাতেও সেটির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের পুরো বহরের হেলিকপ্টার চলাচল বন্ধ রাখা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে রাজ্য সরকারের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী। হেলিকপ্টারটিতে পাইলটসহ ছয়জন ছিলেন। তাদের সবাই পুরুষ। যাত্রীদের নাম প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচএস নটরাজ। পাইলটের নাম ক্যাপ্টেন হিমাংশু।
মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘জোশীমঠের কাছে ছাই গ্রাম এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক খবর পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছে।’
তিনি আরও বলেন, ‘আমি নিজে পুরো ঘটনার ওপর সার্বক্ষণিক নজর রাখছি। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত অন্য হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। যাত্রীরা যেন নিরাপদে ফিরে আসেন, সে জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
জোশীমঠের মহকুমা প্রশাসক (এসডিএম) চন্দ্রশেখর বশিষ্ঠও দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সেনাবাহিনী, এসডিআরএফ, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। আমিও সেখানে যাচ্ছি।’
