টিজারে কৌতূহল বাড়ালো ‘আন্ধার’

টিজারে কৌতূহল বাড়ালো ‘আন্ধার’

ফন্ট সাইজ:

রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’র টিজার প্রকাশ হলো। ছবির প্রথম ঝলকে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। টিজারে তুষিকে দেখা গেছে কালোজাদুর সঙ্গে লড়াই করতে। অ্যাকশন দৃশ্যের পাশাপাশি এক অলৌকিক ও রহস্যময় নীল চোখের চরিত্রে ধরা দিয়েছেন সিয়াম। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র গাজী রাকায়াতকে দেখা গেছে একটি বনের ভেতরে। আর এক ঝলকে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। সবমিলিয়ে ধূসর আবহের টিজারটি রহস্য ও কৌতূহল বাড়িয়েছে দর্শকদের। রাফীর আগের সিনেমাগুলোর মতোই ‘আন্ধার’র টিজারেও সংলাপ নেই। কেবল আবহসংগীত আর চরিত্রগুলোর লুক আর বিভিন্ন চমকপ্রদ দৃশ্য রাখা হয়েছে।

গল্প সম্পর্কেও তেমন ধারণা দেয়া হয়নি। তবে আফসানা মিমি, গাজী রাকায়েত, চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সিয়াম আহমেদ, মোস্তফা মনোয়ারসহ সব প্রধান চরিত্রেরই দেখা মিলেছে। সিনেমাটির গল্প লিখেছেন ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও অর্থহীনের সাইদুস সালেহীন সুমন। গল্পের সঙ্গে যুক্ত আছেন আদনান আদিব খানও। দুই ব্যান্ডশিল্পী দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলের ভৌতিক লোককাহিনী ও অতিপ্রাকৃত ঘটনা নিয়ে আগ্রহী। বিভিন্ন এলাকা ঘুরে সংগ্রহ করা নানা ভূতের গল্প ও অভিজ্ঞতা থেকেই ‘আন্ধার’র গল্পের ভাবনা এসেছে।