আইনি জটে সায়নী

আইনি জটে সায়নী

ফন্ট সাইজ:

হিন্দি টেলিভিশন, সিনেমা, সিরিজের অত্যন্ত পরিচিত মুখ। এবার হলিউডে অভিষেক সায়নী গুপ্ত’র। অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর চলতি বছরের শুরুতেই ‘আসমানি’ ছবির মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি হয়েছে। আর এ ছবি ঘিরেই এবার আইনি জটে সায়নী। অভিনেত্রীর বিরুদ্ধে ‘প্রভা’র স্বত্ব লঙ্ঘন এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন পরিচালক বিনীতা নেগি। যদিও এ সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন সায়নী। তিনি পাল্টা দাবি করেন, বিনীতার অভিযোগ বিভ্রান্তিমূলক ও মানহানিকর। বিতর্কের কারণে ‘আসমানি’ ছবিটি পেশাগত দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে ক্ষুব্ধ সায়নী। জরুরি ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সুরক্ষাও চেয়েছেন তিনি।

পরিচালক বিনীতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন সায়নী গুপ্ত। এফটিআইআইয়ের প্রাক্তন ছাত্রী পরিচালক বিনীতা নেগি সায়নী গুপ্ত’র বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ করেছেন। তার দাবি, ‘আসমানি’ ছবিটি তার অসম্পূর্ণ তথ্যচিত্র ‘প্রভা’ থেকে নেয়া হয়েছে। এরপর সায়নী পাল্টা মামলায় দাবি করেছেন- বিনীতার অভিযোগগুলো মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং মানহানিকর। তার আবেদনে উল্লেখ রয়েছে, কপিরাইট আইন কোনো সৃষ্টিশীল কাজের মূল ভাবনা বা ধারণাকে নয় বরং মৌলিক প্রকাশভঙ্গিকে সুরক্ষা দেয়।

মামলায় আরও বলা হয়েছে- কোনো সৃষ্টিশীল কাজে একজন বয়স্ক মহিলা, একটি গাড়ি, একজন চালক বা অন্য কোনো সাধারণ উপাদানের উপস্থিতির মতো বিষয়গুলোতে কখনোই বিনীতার একচেটিয়া অধিকার থাকতে পারে না। সায়নীর দায়ের করা মামলা অনুযায়ী, বিনীতা এ বছরের এপ্রিল মাসে স্ক্রিন রাইটার্স এসোসিয়েশনের (ঝডঅ) কাছে অভিযোগ দায়ের করেছিলেন। আরও অভিযোগ- বিতর্কের জেরে তথ্যচিত্রটি ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব নিউজিল্যান্ড’ থেকে আচমকাই প্রত্যাহার করা হয়।