তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ। আমাদের কাজগুলো খারাপ করছি না ভালো করছি সেগুলো আপনারা দেখবেন। আপনাদের এটাও মাথায় রাখতে হবে, আপনাদের কলমের খোঁচায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান নষ্ট না হয়। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। তথ্যমন্ত্রী বলেন, কোনো নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না। হয়তো নীতিমালা করে আমি আইনের আওতায় আনতে পারবো। নৈতিকভাবে মাথায় রাখতে হবে— আপনার একটা অর্ধসত্য ও স্বল্পজ্ঞান বা যেটা আপনার আরও জানা উচিত— এ ধরনের কোনো সংবাদের কারণে কারও রেপুটেশন থেকে আরম্ভ করে যেন কোনো কিছু না হয়। আবার কারও বেশি প্রশংসাও যেন না হয়। গণতন্ত্রের একটা স্তম্ভ হিসেবে আপনাদের দায়িত্ব বেড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইবার বুলিং বাড়ছে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, এখন মানুষ একটা সত্য নিউজ দেখলেও এটা ফেক নিউজ কিনা তা চেক করে। রাজনীতিবিদ হিসেবে আমাদের সোশ্যাল মিডিয়ায় টলারেন্সের জায়গা আরও বাড়াতে হবে। এখন সবার হাতে স্মার্ট মোবাইল ফোন, গণতন্ত্র ও বাক-স্বাধীনতার নামে কী ধরনের শব্দ ব্যবহার হয় সেটাও গত ২-৩ বছরে দেখেছি। সবমিলিয়ে আমি বলবো না, আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি, বাস্তব পরিস্থিতির মধ্যে আছি। আমরা সম্পূর্ণ আলাদা পরিস্থিতির মধ্যে আছি, মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, আপনারা যখন লিখবেন আমাদের সমালোচনা করবেন, আমাদের কাজগুলো কোথায় কোথায় ঠিকমতো হচ্ছে সে বিষয়গুলো তুলে আনবেন। ভোলায় আমাদের দেয়া বরাদ্দ ও কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা সে বিষয়গুলো আমাদের জানাবেন। আমাদের নিয়ে সংবাদ প্রকাশ করবেন, আমাদের সাহায্য করার জন্য, যাতে আমরা সঠিকভাবে কাজটা করতে পারি। আপনি আমাকে পছন্দ করেন না, সেখান থেকে যেন সংবাদ না হয়। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করবো।
ভোলায় মাদক এখন সবচেয়ে বড় ইস্যু জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, আমাদের তরুণ সমাজ এবং সমাজের অবক্ষয় যেভাবে এখানে হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি পুলিশিং করে সেখান থেকেও প্রশাসনকে সাহায্য করা উচিত— মাদককে কীভাবে ভোলায় নিয়ে আসে। এবং মাদক নির্মূলে সমাজের গণ্যমান্যদের নিয়ে কমিটি গঠনের কথাও জানান তিনি। এ ছাড়া মতবিনিময় সভায় ভোলার সার্বিক উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান মন্ত্রী।
মতবিনিময় সভায় ভোলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। ভোলার প্রবীণ সাংবাদিক এম আবু তাহের ও শওকত হোসেন।
এ ছাড়া ভোলা জেলা বিজেপি’র সভাপতি আমিরুল ইসলাম রতন, ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলমসহ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
