গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১১১ জনে। গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার
২৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্দ মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৫৩২ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে ঢাকার ২ সিটি করপোরেশনে একজন করে মোট দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগেও ডেঙ্গুতে একজন করে আরও ২ জনের প্রাণহানি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে সবচেয়ে বেশি (২৪৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে ২২৭ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১৯৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৫, বরিশাল বিভাগে ১১৯, রাজশাহী বিভাগে ১০৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০১, ময়মনসিংহ বিভাগে ৮৭, রংপুর বিভাগে ২৭ এবং সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৫৬ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৯ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১২, বরিশাল বিভাগে ১০, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।
